Home » দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস! যোগে থাকুন, সুস্থ থাকুন

দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস! যোগে থাকুন, সুস্থ থাকুন

সময় কলকাতা ডেস্ক,২১ জুনঃ বুধবার আন্তর্জাতিক যোগ দিবস। প্রতি বছরই ২১ জুন বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। প্রত্যেকবারের মতো এদিনও দেশজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। বিভিন্ন সীমান্ত এলাকায় যোগব্যায়াম অনুশীলনের মাধ্যমে যোগ দিবস পালন করেছে সেনা। চিন-সীমান্ত থেকে পাকিস্তান সীমান্ত-সর্বত্র যোগব্যায়াম দিবস পালন করেছে সেনা।মানুষের জীবনে যোগাভ্যাসের ঠিক কতটা প্রয়োজন রয়েছে, সেই বিষয়েই সচেতনা বাড়াতে এই দিনটি পালন করা হয়ে থাকে। প্রত্যেক বছরই যোগ দিবসের একটা থিম থাকে। এবছরের থিম হল ‘বসুধৈব কুটুম্বকম’। এর অর্থ এক পৃথিবী-এক পরিবার।  এবারের যোগ দিবসে মার্কিন সফরে  রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সেখানেই রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের সদর দফতরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রসংঘের সদর দফতরে  উপস্থিত থাকবেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি সাবা করোসি।

এদিন নিউইয়র্ক থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘যোগ একটি ধারণা ছিল, যা আজ সারা বিশ্ব গ্রহণ করেছে। আমাদের আদর্শ, দর্শন বা ভারতের দৃষ্টি হোক না কেন, আমরা সর্বদা সংযোগ, গ্রহণকরার ঐতিহ্যকে লালন করেছি।প্রধানমন্ত্রী আরও বলেন, যোগব্যায়ামে বলা হয়েছে কর্মের দক্ষতাই যোগব্যায়াম। এই মন্ত্রটি স্বাধীনতার অমৃতমহোৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, আজ বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রসঙ্ঘে সদর দফতরে আয়োজিত যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেবেন। ভারতের আবেদনে ১৮০টিরও বেশি দেশ একত্রিত হচ্ছে তা ঐতিহাসিক। অন্যদিকে,এদিন সংসদ ভবনের সামনে যোগব্যায়াম করে দিনটি পালন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ইন্ডিয়া গেটের সামনেও যোগ দিবস পালন করা হয়। দিল্লির পুরানা কিলায় যোগ দিবস পালন হয়েছে। সেখানে যোগব্যায়াম করতে দেখা গিয়েছে বিদেশি নাগরিকদেরও।  অন্যদিকে,তামিলনাড়ুর রামেশ্বরমে জলের মধ্যে যোগ অনুশীলন করতে দেখা যায় কয়েকজনকে।

আরও পড়ুন  হলিউডে পা রাখতেই উপেক্ষিত! প্রকাশ্যে আলিয়ার ‘হার্ট অফ স্টোন’-এর ট্রেলার

ভারতেই যে প্রথম যোগচর্চা শুরু হয়েছিল তার উল্লেখও পাওয়া যায় ঋক বেদের মতো প্রাচীন পৌরাণিক বইগুলিতে। শরীর ও মনকে সুস্থ রাখতে যোগব্যায়ামের কার্যকারিতা অনেক। তাই প্রত্যেক মানুষের যোগব্যায়াম করা। ব্যস্ততম দিনে কাজের চাপ হোক কিংবা ব্যক্তিগত জীবনের চাপ, নানা কারণে স্ট্রেসের সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, স্ট্রেসমুক্ত জীবন পেতে যোগাভ্যাসের জুড়ি মেলা ভার। নিয়মিত যোগাসনের অভ্যাস করলে মন শান্ত থাকে। স্ট্রেস দূর হয়। বর্তমানে খুব অল্প বয়সেই ডায়াবেটিস, প্রেসার, হার্টের মতো নানান রোগ শরীরে বাসা বাঁধছে। এর থেকে মুক্তি পেতে নিয়মিত যোগা করার পরিমর্শ নিয়ে থাকেন অনেকে। তাই সুস্থ থাকতে রোজ নিয়ম করে যোগাসন করুন। খুব ছোট বয়স থেকে শুরু করা যায় যোগব্যায়াম।

আবার বৃদ্ধ বয়সেও সুস্থ থাকার জন্য ভরসা করা যায় যোগব্যায়ামের উপরে। তবে শুরু করার সময় বেশ কিছু দিকে খেয়াল রাখতে হয়। সকালে যোগব্যায়ামের অভ্যাস করা সবচেয়ে ভাল। ভরা পেটে যোগব্যায়াম করা উচিত নয়। সকালে খালি পেটে যোগ অভ্যাস করতে হবে। খাওয়ার অন্তত কয়েকঘণ্টা পরে ব্যায়াম করতে হবে। ব্যায়ামের সময় জামাকাপড়ের দিকেও খেয়াল রাখতে হবে। ঢিলে ও আরামদায়ক পোশাক পরা প্রয়োজন। খুব আটোসাঁটো পোশাক পরে যোগাভ্যাস করা উচিত নয়। যোগব্যায়ামে দক্ষ হতে দীর্ঘদিনের অভ্যাস ও অনুশীলন প্রয়োজন। দীর্ঘদিন ধরে অভ্যাস করলে তবেই নিখুঁত যোগব্যায়াম করা সম্ভব।

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর  রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন। সেই থেকেই প্রতি বছর ২১ জুন সারা বিশ্বের সাড়ম্বরে পালিত হয়  আন্তর্জাতিক যোগ দিবস।

About Post Author