Home » ৮২২ নয়, পঞ্চায়েত ভোটের জন্য ৩৩৭ কোম্পানির ফোর্স অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রকের

৮২২ নয়, পঞ্চায়েত ভোটের জন্য ৩৩৭ কোম্পানির ফোর্স অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রকের

সময় কলকাতা ডেস্ক,২৪ জুনঃ গত মঙ্গলবারই নির্বাচন কমিশন ২২ কোম্পানির ফোর্স এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিক্যুইজিশন পাঠিয়েছিল। বৃহস্পতিবার আরও ৮০০ কোম্পানি ফোর্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠিয়েছে। এদিন রাতেই সেই জবাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এবং সেই জবাবেই আসল প্যাঁচ দেখছে কমিশন ও সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তারা ২২ কোম্পানি ফোর্স ইতিমধ্যে অনুমোদন করেছে। আরও ৩১৫ কোম্পানি ফোর্স আপাতত দিতে পারবে। এর মধ্যে ২০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। এর মধ্যে রয়েছে ৫০ কোম্পানি সিআরপিএফ, ৬০ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ২৫ কোম্পানি এসএসবি, ২০ কোম্পানি আরপিএফ এবং সিআইএসএফ ১৫ কোম্পানি। এর বাইরে ১২টি রাজ্য থেকে স্পেশ্যাল আর্মড ফোর্স আসছে আরও ১১৫ কোম্পানি। অর্থাৎ ৩১৫ এবং ২২, মানে ৩৩৭ কোম্পানি ফোর্স অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।


কলকাতা হাইকোর্ট বুধবার নির্দেশ দিয়েছে এবার পঞ্চায়েত ভোটে ২০১৩ সালের মতো অন্তত ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। অর্থাৎ ৮২০ কোম্পানির বেশি সেন্ট্রাল ফোর্স নামাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। তবে তাৎপর্যপূর্ণভাবে, ২০১৩ সালে পাঁচ দফায় পঞ্চায়েত ভোট হয়েছিল। তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে কেন্দ্রকে চিঠি লিখে বলেছিলেন, পাঁচ দফার জন্য ৮২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে। এই ৮২০ কোম্পানি এক লপ্তে লাগবে না। প্রতি দফায় কত বাহিনী লাগবে তা যোগ করে মোট ৮২০ কোম্পানি ফোর্স চেয়েছিলেন তিনি। প্রথম দফার ভোটের জন্য ১৫০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স চাওয়া হয়েছিল। তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রথম দফাতেই ২৬০ কোম্পানি ফোর্স পাঠিয়ে দেয়। তার মধ্যে প্রথম দফায় ১৫০ কোম্পানি ফোর্স ব্যবহার করে বাকিদের রিজার্ভে রাখা হয়।

আরও পড়ুন    পাটনা বিরোধী বৈঠক কীসের ইঙ্গিত দিচ্ছে?

এর পর পরের চার দফায় ঘুরিয়ে ঘুরিয়ে এই ২৬০ কোম্পানিকেই ব্যবহার করা হয়েছিল। একটি দফায় ২৫০ কোম্পানি ফোর্স ব্যবহার করা হয়েছিল। কোনও দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সেটাই ছিল সর্বোচ্চ সংখ্যা। এবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ভোটে ৮২০ কোম্পানির বেশি সেন্ট্রাল ফোর্স মোতায়েন করতে হবে। কিন্তু কেন্দ্র পাঠাচ্ছে ৩৩৭ কোম্পানি বাহিনী। তা হলে বাকি বাহিনী কী হবে? রাজ্য নির্বাচন কমিশন মনে করছে, শুক্রবার কলকাতা হাইকোর্টে বিজেপি আবেদন করতে পারে যে এবারও পঞ্চায়েত ভোট কয়েক দফায় ভেঙে দেওয়া হোক। তার পর ৩৩৭ কোম্পানি সেন্ট্রাল ফোর্স ঘুরিয়ে ঘুরিয়ে প্রতি দফায় প্রয়োজন মতো ব্যবহার করা হোক।

About Post Author