Home » সপ্তাহের শুরুতেই কলকাতা সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহের শুরুতেই কলকাতা সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক,২৬ জুনঃ সপ্তাহের প্রথম দিনেও কলকাতা সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। শুক্রবার থেকেই রাজ্যে প্রবেশ করেছে বৃষ্টি। কিন্তু,গুমোট আবহাওয়ার জেরে গত কয়েকদিন ধরেই বেড়েছে ভ্যাপসা গরমও। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ যেন ওষ্ঠাগত। আবহাওয়া দপ্তর সুত্রে জানা গিয়েছে,কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। এদিকে তাপমাত্রার পারদও নিম্নমুখী। এদিন দুপুরের মধ্যেই কলকাতা ও আশপাশের অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৭ থেকে ৮৯ শতাংশ।

আরও পড়ুন     রাজ্যপালের কাছে যাবেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

পূর্বাভাস বলছে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও গত সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে। যার জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।

About Post Author