Home » রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ অবৈধ, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ অবৈধ, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

সময় কলকাতা ডেস্ক,২৬ জুনঃ পঞ্চায়েত ভোটের আগে ফের আইনি ধাক্কা। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ সংক্রান্ত রাজ্যপালকে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার এই সংক্রান্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার মামলার শুনানির সম্ভাবনা। ৭ জুন রাজভবন থেকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ জন্য রাজ্যের প্রস্তাবিত প্রাক্তন স্বরাষ্ট্রসচিব রাজীব সিনহার নামেই সিলমোহর দেন। তারপর থেকেই তিনি রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজ শুরু করেন। জনৈক আইনজীবীর দাবি, এই নিয়োগ অবৈধ। তাই তাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে দায়ের হল মামলা।

এই নিয়োগ নিয়ে অবশ্য গোড়া থেকেই জটিলতা রয়েছে। রাজীব সিনহা একেবারেই তৃণমূলের ঘনিষ্ঠ, এই অভিযোগে বিজেপি বরাবর সরব। এনিয়ে রাজ্যপালের সমালোচনাও করতে শোনা গিয়েছে বিরোধী দলনেতাকে। নতুন রাজ্য নির্বাচন কমিশনার সাধারণ মানুষের ভরসাযোগ্য হয়ে উঠতে পারেননি বলে মন্তব্য করেছেন সি ভি আনন্দ বোস। সেই কারণে তিনি রাজীব সিনহার জয়েনিং লেটার ফেরত পাঠিয়েছেন বলেও দাবি। এই টানাপোড়েনের মধ্যেই রাজীব সিনহার নিয়োগ নিয়ে হাই কোর্টে মামলা দায়ের হল। ওয়াকিবহাল মহলের একাংশের মত, এতে রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার বহাল থাকা কিছুটা হলেও টালমাটাল পরিস্থিতির মধ্যে পড়ল। যদিও মামলা কোন পথে এগোয়, তার উপর নির্ভর করবে রাজীব সিনহার ভবিষ্যৎ।

আরও পড়ুন   ঠাকুরবাড়িতে অভিষেকের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা, শান্তনু ঠাকুরকে তীব্র আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

এদিকে পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক দল নির্বিশেষে পদক্ষেপ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। রবিবার রাজভবনে দেড় ঘণ্টা ধরে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে এমনই পরামর্শ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কমিশন ‘নিরপেক্ষ ভূমিকা পালন করছে না’ বলে সরব হয়েছিল বিরোধীরা। এর মধ্যেই বুধবার রাজীবের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল। এই পরিস্থিতির মধ্যে রবিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার। সেই বৈঠকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে রাজীবকে পরামর্শ দিলেন রাজ্যপাল বোস। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয় রাজ্য নির্বাচন কমিশনারের। এখনও পর্যন্ত ভোটের জন্য কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, রাজ্যপালকে তা জানান রাজীব।

এদিনের বৈঠকে রাজ্যপাল কমিশনারকে স্বাধীনভাবে কাজ করার কথা জানান। ভোটে অশান্তি কোনও ভাবেই যেন বরদাস্ত না করে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ করার কথা বলেন। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিক ভাবে কাজে লাগানো হয়, সে ব্যাপারেও রাজীবকে বার্তা দিয়েছেন রাজ্যপাল। স্পর্শকাতর বুথে বাড়তি নজর দেওয়ার কথাও বলেছেন রাজ্যপাল বোস। রাজভবন সূত্রে দাবি, রাজ্যপালকে রাজীব সিনহা জানান, এখনও পর্যন্ত সব কেন্দ্রীয় বাহিনী আসেনি। আবেদন মতো কেন্দ্রীয় বাহিনী এলেই এলাকায় মোতায়েন করা হবে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কমিশনের কাছে অভিযোগ জমা পড়লেও খতিয়ে দেখা হচ্ছে। মনোনয়ন-পর্বে অশান্তির আবহে রাজভবনে ‘পিস রুম’ খোলা হয়েছিল। সেখানে যে সব অভিযোগ পেয়েছে রাজভবন, সেই অভিযোগ নিয়ে রাজীবের সঙ্গে কথা হয় রাজ্যপালের। রাজভবন কোনও বিষয়ে রিপোর্ট চাইলে তা দিতেও কমিশনারকে বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

About Post Author