Home » অশান্ত মণিপুরে যাচ্ছেন রাহুল গান্ধি

অশান্ত মণিপুরে যাচ্ছেন রাহুল গান্ধি

সময় কলকাতা ডেস্ক,২৮ জুনঃ এবার অশান্ত মণিপুরে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল টুইট করে জানিয়েছেন, আগামী ২৯-৩০ জুন মণিপুর সফরে যাচ্ছেন রাহুল গান্ধি। সেখানকার ত্রাণশিবিরগুলি পরিদর্শন করার পাশাপাশি ইম্ফল এবং চুরাচাঁদপুরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন রাহুল গান্ধি। তিনি আরও লেখেন, গত প্রায় দু’মাস ধরে জ্বলছে মণিপুর, উত্তর পূর্বের এই রাজ্যের মানুষের একটু স্বস্তির স্পর্শ খুব দরকার, যাতে করে সমাজ সংঘর্ষ থেকে শান্তির পথে আসতে পারে। ‘আমাদের ভালবাসার শক্তি হয়ে উঠতে হবে, ঘৃণার নয়,’ দাবি তাঁর।

আরও পড়ুন   অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন আগেই। সেখানে শান্তি ফেরানোর লক্ষ্যে বিভিন্ন শ্রেণির লোকজনের সঙ্গে দেখা করেছিলেন তিনি। কিন্তু তার পরেও অশান্তি থামেনি। জাতিদাঙ্গায় দীর্ণ মণিপুরে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে, ঘরছাড়া প্রায় ৫০ হাজার পরিবার। বৃহস্পতিবার মণিপুরে ত্রাণ শিবিরগুলিতে যাবেন রাহুল, কথা বলবেন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে, এমনটাই সূত্রের খবর। ভারত জোড়ো যাত্রার সময়েই রাহুল বলেছিলেন, তিনি ‘ঘৃণার বাজারে’ ‘ভালবাসার দোকান’ খুলছেন। তাঁর সেই বক্তব্যই এই মোদী বিরোধী প্রচারে কংগ্রেসের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে।

এদিকে, আমেরিকা এবং ইজিপ্ট সফর থেকে ফিরে সোমবারই নিজ বাসভবনেই মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীকে। তারপরই উচ্চ স্তরের বৈঠক করেন তিনি। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন,অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।  অন্যদিকে, শনিবার বিকেল ৩’টায় অশান্ত মণিপুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে বৈঠক বসে। এদিনের এই বৈঠকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর দাবি ওঠে। এদিন বৈঠকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেন সমাজবাদী দলের রামগোপাল যাদব। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কানরাড সাংমাও,সমাজবাদী দলের রামগোপাল যাদব,বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র,কংগ্রেস নেতা জয়রাম রমেশ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রমুখ। এর আগেও গত মাসে মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বৈঠক ডেকেছিলেন অমিত শাহ। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বৈঠক কার্যত কোনও কাজেই আসেনি।

আরও পড়ুন    অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হল র‍্যাফ 

মণিপুরে হিংসা শুরুর ৫২ দিন অতিবাহিত হওয়ার পরও প্রধানমন্ত্রী মোদি একটি শব্দও ব্যয় করেননি। এহেন পরিস্থিতিতে একাধিক দলের প্রতিনিধি দাবি করেন, মণিপুরের সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে যাওয়া উচিত। যদিও প্রধানমন্ত্রী মোদীর অনুপস্থিতিতে হওয়া এই বৈঠককে প্রথম থেকেই কংগ্রেস তেমন গুরুত্ব দিতে চায়নি। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন,পঞ্চাশ দিন ধরে জ্বলছে মণিপুর। কিন্তু প্রধানমন্ত্রী এইনিয়ে একটা কথাও বলেননি। আমরা তো প্রথম থেকেই মণিপুরে সর্বদলীয় প্রতিনিধি পাঠানো দাবি করে এসেছি। আশা করি প্রধানমন্ত্রী ইজিপ্ট থেকে ফিরে আসার পরে মণিপুরের দিকে নজর দেবেন। অন্যদিকে,মেঘালয়ের মুখ্যমন্ত্রী কানরাড সাংমাও বলেন,‘মণিপুরে শান্তি ফিরিয়ে আনার সঙ্গে সেখানের মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনাটাও জরুরী। তাই সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর যাওয়া উচিত।’

About Post Author