Home » আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, একাধিক রাজ্যে জারি কমলা এবং হলুদ সতর্কতা

আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, একাধিক রাজ্যে জারি কমলা এবং হলুদ সতর্কতা

সময় কলকাতা ডেস্ক,২৯ জুনঃ আকাশ ঢাকছে কালো মেঘে। আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে খবর,আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুরে। সেইসঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি বেগে ঝড়ো বাতাস বইতে পারে। আগামী ৩০ তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই গোটা দেশেই প্রবেশ করেছে বর্ষা। আগামী কয়েকদিনে একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বেশকিছু রাজ্যে জারি কমলা এবং হলুদ সতর্কতা।

পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে। বৃহস্পতিবারও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে সারাদিন ধরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও গত সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে। যার জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। ২৮ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।

আরও পড়ুন  নিম্নচাপের জের! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা


এদিকে, হিমাচল প্রদেশে অতিরিক্ত বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই সেখানে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আগামী ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে, মুম্বইয়ে বুধবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবারও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,মহারাষ্ট্রের ছয় জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর পশ্চিম, মধ্য এবং পশ্চিম ভারতেও আগামী দুই দিনে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

About Post Author