সময় কলকাতা ডেস্ক,২ জুলাইঃ পঞ্চায়েত নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। সেই নিয়ে রাজ্য-রাজনীতি এখন উত্তপ্ত। শাসক-বিরোধী সব শিবিরই উঠে পড়ে লেগেছে পঞ্চায়েত নিয়ে। প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশনও। সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করানোই এখন বড় চ্যালেঞ্জ তাদের কাছে। এবারের নির্বাচনে স্পর্শকাতর বুথ কোনগুলো হবে, তা চিহ্নিত করার নির্দেশ দিল কমিশন। জেলা পঞ্চায়েত নির্বাচন অফিসার ও জেলাশাসকদের এই মর্মে চিঠিও পাঠিয়েছে তারা।

এই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কোন কোন বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হবে। বলা হয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে যেসব বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল সেইসব বুথকেই এবারের ভোটে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করতে হবে। স্পর্শকাতর বুথ ও এলাকা বেছে নিতে গতবারের ফলাফলের ওপরই বেশি জোর দিচ্ছে কমিশন। বুথওয়াড়ি গত ভোটের ফলাফল বিচার বিবেচনা করে দেখতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেসব বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল এবং বিজয়ী প্রার্থী ৭৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন, সেগুলোকে ক্রিটিকাল পোলিং বুথ বা স্পর্শকাতর বুথ বলে চিহ্নিত করতে হবে।
আরও পড়ুন ‘পঞ্চায়েত ভোট সুষ্ঠু এবং অবাধ হোক’, কোচবিহারের সার্কিট হাউসে থেকে বার্তা রাজ্যপালের

শুধু তাই নয়, যে নির্বাচনী বুথগুলিতে রিপোল না পুনরায় ভোটগ্রহণ হয়েছিল সেগুলিকেও স্পর্শকাতর বুথের তালিকায় যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে চিহ্নিত করতে হবে ‘১৮-র ভোটে কোথায় কোথায় হিংসার ঘটনা ঘটেছিল।কমিশনের চিঠিতে আরও বলা হয়েছে, বিডিও, পঞ্চায়েত রিটার্নিং অফিসাররা তাঁদের এলাকা কতটা স্পর্শকাতর তা বিবেচনা করে দেখবেন। আগের ভোটে কোথায় কোথায় কারচুপির অভিযোগ ছিল, কোথায় হিংসার ঘটনা ঘটেছিল, তা সবকিছুই নজরে রাখতে হবে বলেও কমিশন জানিয়েছে। গত ভোটে কোথায় কোথায় হিংসার ঘটনা ঘটেছে ও এবার কোথায় কোথায় অশান্তির ঘটনা ঘটতে পারে, সে ব্যাপারে ধারণা করে কমিশনকে জানাতে হবে।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ