Home » ‘পঞ্চায়েত ভোট সুষ্ঠু এবং অবাধ হোক’, কোচবিহারের সার্কিট হাউসে থেকে বার্তা রাজ্যপালের

‘পঞ্চায়েত ভোট সুষ্ঠু এবং অবাধ হোক’, কোচবিহারের সার্কিট হাউসে থেকে বার্তা রাজ্যপালের

সময় কলকাতা ডেস্ক,২ জুলাইঃ ‘যা দেখলাম, যা শুনলাম, তাতে আমি মর্মাহত। কোচবিহারের সাধারণ মানুষকে আতঙ্ক গ্রাস করেছে। এক জন প্রবীণ নাগরিক হিসেবে আমি চাই, পঞ্চায়েত ভোট সুষ্ঠু এবং অবাধ হোক। ভয়ডরহীন ভাবে যেন প্রতিটি ভোটার ভোট দিতে পারেন।’ শনিবার কোচবিহারের সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সারা দিন কোচবিহারে ছিলেন তিনি। কখনও সার্কিট হাউসে, কখনও হাসপাতালে, কখনও নিহতের পরিজনদের সঙ্গে রাজ্যপালকে কথা বলতে দেখা গিয়েছে। দিনের শেষে তা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। রাজ্যপাল কি বেছে বেছে কেবলমাত্র নিহত বিজেপি কর্মীদের বাড়িতেই যাচ্ছেন?

যদিও অভিযোগ ওঠার পরেই রাজ্যপালের কার্যালয় থেকে জারি করা হয় ভিডিয়ো। এদিন রাজ্যপাল কথা বলেন কোচবিহারের গীতালদহে নিহত তৃণমূল নেতা বাবু হকের পরিবারের লোকজনের সঙ্গে। দিচ্ছেন সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস। দিনহাটায় পঞ্চায়েত পর্বে রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপি নেতা, কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। কথা বলেন জড়ো হওয়া সাধারণ মানুষের সঙ্গেও। নিহতদের পরিবারের লোকজন রাজ্যপালের সঙ্গে কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি। রাজ্যপাল নিজের সাধ্যমতো সান্ত্বনা দেন। আশ্বাস দিয়ে বলেন, ‘অবশ্যই সুবিচার পাবেন।’

আরও পড়ুন    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

প্রসঙ্গত,পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার। অশান্তি যেন কিছুতেই থামছেই না কোচবিহারে। মার পাল্টা মারের রাজনীতি চলছেই। কখনও গুলি, বোমা, কখনও ভাঙচুর। ভোটের আবহে ঘটেছে প্রাণহানিও। শাসক-বিরোধী তর্জায় বারবার শিরোনামে এসেছে কোচবিহার। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা বাড়িয়ে জেড প্লাস করে দিল কেন্দ্রীয় সরকার। অমিত শাহর নির্দেশেই নিশীথ প্রামাণিকের ডেপুটির নিরাপত্তা বাড়ানো হচ্ছে। মনোনয়ন পর্বে নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলাও চালানো হয়। একের পর এক ঘটনার জেরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর নিরাপত্তা বাড়ল বলেই মনে করা হচ্ছে। এরই পাশাপাশি কোচবিহারে একাধিক বিজেপি বিধায়কের নিরাপত্তা বাড়ছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন   কেন্দ্রীয় বাহিনী নিয়ে নয়া ভাবনা রাজ্য নির্বাচন কমিশনের

সুত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের কথা ভেবে এই সিদ্ধান্ত। নিরাপত্তা বাড়ানোর বিষয়টি স্বীকার করেছেন নিশীথ প্রামাণিকও। রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্যই নিশীথের নিরাপত্তার বহর বাড়ানো হচ্ছে বলে মত তৃণমূলের অনেকেরই। পর্যবেক্ষকদের অনেকের মতে, লোকসভা ভোটে নিশীথের লড়াই সহজ নয়। গত লোকসভা ভোটের সময়ে তৃণমূল থেকে লোক ভাঙিয়ে নিয়ে গেছিলেন নিশীথ প্রামাণিক। তাঁরা বেশিরভাগই পুরনো দলে ফিরে গেছেন। নিশীথ বুঝতে পারছেন, পঞ্চায়েত ভোটে কোচবিহারে গরিষ্ঠ সংখ্যক আসন না পেলে লোকসভা ভোটে চাপ বা়ড়তে পারে। সেই কারণেই তিনি এবার আরও মরিয়া।

About Post Author