সময় কলকাতা ডেস্ক,৬ জুলাইঃ পঞ্চায়েত ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ৮ জুলাই রাজ্যের ২২টি জেলায় যেখানে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সেই এলাকাগুলিতে রাজ্য সরকারের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ইতিমধ্যেই জেলাগুলিতে নোটিস পাঠিয়েছে নবান্ন। শনিবার রাজ্য সরকারি অফিস এমনিতেই অধিকাংশ বন্ধ থাকে। একমাত্র জরুরি পরিষেবা আর কিছু সরকারি দফতর খোলা থাকে। কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প সংস্থা, দোকান পাট ইত্যাদি সবই খোলা থাকে।

শ্রম দফতরের নির্দেশে বোঝানো হয়েছে, সংগঠিত ক্ষেত্র ছাড়া অসংঠিত ক্ষেত্রে শ্রমিক বা মজুরদেরও ভোটের দিন ছুটি দিতে হবে। জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫ বি ধারা অনুযায়ী তাদের সেদিন ছুটি থাকলেও মজুরি দিতে হবে। জানা গিয়েছে,যে সমস্ত সরকারি অফিসে পোলিং স্টেশন, সেক্টর অফিস, ডিস্ট্রিবিউশন-কাম-রিসেপশন সেন্টার গুলিও ছুটি থাকবে। পোলিং এলাকায় যে সমস্ত অফিস ছুটি থাকবে, একইভাবে কোনও ভোটারের অফিস পোলিং এলাকায় না হলেও তিনি ভোট দিতে যাওয়ার জন্য ‘স্পেশাল লিভ’ পাবেন।
আরও পড়ুন কয়লা পাচার মামলায় ইডির ‘হেনস্তার’ অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দারস্থ অভিষেক পত্নী রুজিরা

প্রসঙ্গত, আগামী ৮ জুলাই ২০টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। একইসঙ্গে ২ জেলায় দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে। পাহাড়ের দার্জিলিং ও কালিম্পংয়ে গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে হবে নির্বাচন।

আরও পড়ুন পঞ্চায়েত ভোটে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগ নয়, রায় কলকাতা হাইকোর্টের
এদিকে,পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, অন্তত ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। অর্থাৎ কম করে ৮০০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন করতে পঞ্চায়েত ভোটে। হাইকোর্টের নির্দেশের পর মোট ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে চুপ ছিল স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি দিয়ে জানিয়ে দিল, বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতেও তারা প্রস্তুত। বিষয়টা হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টেও জানিয়েছে কেন্দ্রের আইনজীবী। এখনও পর্যন্ত ঠিক রয়েছে যে পঞ্চায়েত ভোট এক দফাতেই হবে। অর্থাৎ এই এক দফা ভোটের জন্যই ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ২০১৩ সালে পঞ্চায়েত ভোটেও ৮২০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন হয়েছিল। কিন্তু সেবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মাত্র ২৬০ কোম্পানি বাহিনী পাঠিয়েছিল। যেহেতু ভোটগ্রহণ পাঁচ দফায় হয়েছিল, তাই ওই ২৬০ কোম্পানি বাহিনীকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হয়।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের