Home » শুক্রেও দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

শুক্রেও দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক,৭ জুলাইঃ শুক্রবারও রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় বদলাতে শুরু করেছে আবহাওয়া। বুধবার থেকেই কলকাতা সহ বেশকিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তারই মধ্যে বঙ্গোপসাগরে চোখ রাঙাতে শুরু করেছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে শুক্রবার অর্থাৎ আজ থেকেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে, গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। যদিও শুক্রবার থেকেই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। যদিও গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭২ থেকে ৮৯ শতাংশ।

আরও পড়ুন    কয়লা পাচার মামলায় ইডির ‘হেনস্তার’ অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দারস্থ অভিষেক পত্নী রুজিরা


পূর্বাভাস বলছে, শুক্রবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, ৮ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।

About Post Author