Home » প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হিমাচল,চোখ রাঙাচ্ছে বিয়াস-সহ একাধিক নদী

প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হিমাচল,চোখ রাঙাচ্ছে বিয়াস-সহ একাধিক নদী

সময় কলকাতা ডেস্ক, ৯ জুলাই: ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। লাগাতার বৃষ্টিপাতের কারণে বাড়ছে বিয়াস নদীর জলস্তর।  রাজ্যের একাধিক জায়গায় দেখা গিয়েছে ভূমধস। প্রবল আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) রাজ্যের সাতটি জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

বিয়স নদীর প্রবল জলোচ্ছ্বাসের কারণে লেহ-মানালি জাতীয় মহাসড়কের (এনএইচ ৩) একটি অংশ ভেসে গিয়েছে। জাতীয় সড়কে আটকে রয়েছে বহু গাড়ি। জানা গিয়েছে, নদীতে একটি গাড়ি ভেসে গিয়েছে। স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রী সকলের মধ্যে তৈরি হয়েছে প্রবল আতঙ্ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুল্লু-মানালি সড়কে কুল্লু এবং মানালি থেকে অটল টানেল এবং রোহটাংয়ের দিকে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সংবাদ সংস্থা এএনআই অনুসারে, রবিবার রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল ছয়জনকে উদ্ধার করে। কুল্লুর কাছে নদীর জলস্তর বৃদ্ধির কারণে নিজদের বাড়িতে আটকে পড়েছিল তাঁরা। চাম্বা, কাংড়া, কুল্লু, মান্ডি, উনা, হামিরপুর এবং বিলাসপুর জেলা-সহ সাতটি জেলায় ভূমিধস ও হড়পা বানের ইঙ্গিত মিলেছে আবহাওয়া দফতর সূত্রে। ইতমধ্যে ওই সকল স্থানগুলিতে ‘রেড’ সতর্কতা জারি করেছে আইএমডি। এছাড়াও সিমলা, সোলান ও সিরমাউর জেলায় জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা। আগামী শনি ও রবিবার আবহাওয়া বিভাগ অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে বিয়াস-সহ একাধিক নদীর জল ।

আরও পড়ুন   স্পেনকে হারিয়ে ইউরোপ সেরা ইংল্যান্ডের খুদেরা

আইএমডি এইচপির ডেপুটি ডিরেক্টর বুই লাল জানিয়েছেন, “আমরা রাজ্য সরকারকে আগেই পূর্বাভাস দিয়েছি। আকস্মিক বন্যা, ভূমিধস এবং গাছ উপড়ে যাওয়ার জন্য একটি সতর্কতাও জারি করা হয়েছে। এই ঘটনাগুলি জল এবং বিদ্যুৎ সরবরাহকেও প্রভাবিত করতে পারে।”  হিমাচল প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১৩০ টি পাহাড়ি রাস্তায় পর্যটকদের প্রবেশের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। ১১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে শ্রীখণ্ড মহাদেব যাত্রা। প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৭০ কোটির কাছাকাছি।

About Post Author