Home » এবারের ফিফা মহিলা বিশ্বকাপ হচ্ছে পুরুষ ফুটবল বিশ্বকাপের হুবহু এক ফরম্যাটে

এবারের ফিফা মহিলা বিশ্বকাপ হচ্ছে পুরুষ ফুটবল বিশ্বকাপের হুবহু এক ফরম্যাটে

সময় কলকাতা ডেস্ক,১২ জুলাই : ২০২৩ সালে নবম ফিফা মহিলা  বিশ্বকাপ শুরু হতে চলেছে ২০ জুলাই। চলবে ২০ আগস্ট পর্যন্ত। এবারই প্রথম ফিফা মহিলা  বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২ টি দল। এবারের ফিফা মহিলা বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এটিই হবে প্রথম ফিফা মহিলা বিশ্বকাপ যেখানে একাধিক আয়োজক দেশ থাকবে এবং একাধিক কনফেডারেশনে অনুষ্ঠিত হবে এমন প্রথম সিনিয়র বিশ্বকাপও হবে, কারণ অস্ট্রেলিয়া এশিয়ান কনফেডারেশনে রয়েছে, আর নিউজিল্যান্ড ওশেনিয়ান কনফেডারেশনে রয়েছে।এছাড়াও, এই টুর্নামেন্টে প্রথম ৩২ টি দলকে নিয়ে ঝকঝকে ফর্ম্যাট থাকবে যা ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত হওয়া পুরুষদের বিশ্বকাপের ফর্ম্যাটের হুবহু আদলে তৈরি । ফারাক নেই প্রায় কিছুই।উল্লেখ্য, ১৯৯১ সালে চিনে মেয়েদের প্রথম ফুটবল বিশ্বকাপের পর থেকে বিশ্ব জুড়ে মেয়েদের ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে দ্রুতগতিতে।এশিয়া ও আফ্রিকার দেশগুলিতেই অন্য খেলার সঙ্গে পাল্লা দিয়ে মেয়েদের ফুটবল জনপ্রিয় হয়ে উঠেছে।

এবার ফিফা মহিলা বিশ্বকাপে ফেভারিট হিসেবেই শুরু করবে গত দুবারের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র। মেয়েদের ফুটবলে ফিফা ৱ্যাঙ্কিং-এর দিক থেকেও সবার ওপরে রয়েছে মার্কিন মেয়েরাই। তাদের কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিতে পারে ইউরোপের দলগুলি যাদের মধ্যে উল্লেখযোগ্য জার্মানি, সুইডেন,ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন।এবার প্রথমবার মেয়েদের ফুটবল বিশ্বকাপে আফ্রিকার থেকে মরক্কো ও জাম্বিয়ার মেয়েদের দেখা যাবে।এশিয়া থেকে প্রথমবার বিশ্বসেরা হওয়ার প্রতিযোগিতায় ভাগ নিচ্ছে ভিয়েতনাম ও ফিলিপিন্স।ভারতের মেয়েরা কোয়ালিফাই করতে পারে নি।ব্রাজিল ও আর্জেন্টিনা টুর্নামেন্টে থাকছে। ব্রাজিলের ফিফা ৱ্যাঙ্কিং ৮ হলেও আর্জেন্টিনার মেয়েদের ৱ্যাঙ্কিং অবশ্য বেশ খারাপ। তারা রয়েছে ২৮ নম্বরে।এখন দেখার চারবারের মহিলা ফুটবল বিশ্বকাপজয়ী আমেরিকানরা কি টানা বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করে নাকি তাদের প্রাধান্যকে চ্যালেঞ্জ জানিয়ে পাওয়া যাবে কোনও নতুন চ্যাম্পিয়ন?

আরও পড়ুন :“দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিয়িং”গ্রন্থের লেখক মিলান কুন্দেরার জীবনাবসান

About Post Author