সময় কলকাতা ডেস্ক,২১ জুলাইঃ পঞ্চায়েতে ভোটে বিপুল জয়ের পর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকেই তাকিয়ে ছিল গোটা বাংলা। সর্বভারতীয় স্তরে তৃণমূল সুপ্রিমো যেভাবে উজ্জ্বল হয়ে রয়েছেন, তাতে গোটা দেশ বললেও কিন্তু ভুল কিছু হবে না। হলোও তাই। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিরাট কর্মসংস্থানের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র, এই দাবি করে এদিন সরব হয়েছেন মমতা। তবে টাকা না দিলেও গরিব মানুষের কথা ভেবে বাংলা নিজের অর্থে ১০০ দিনের প্রকল্প শুরু করবে, এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১০০ দিন না হোক ৪০-৪৫ দিন কাজ করাতেই পারি। আমরা বাংলার টাকায় নিজেদের ১০০ দিনের কর্মসূচি শুরু করার কথা ভাবছি। এর নাম দেব খেলা হবে। এতে কর্মসৃষ্টি হবে। বাংলার গরিব মানুষদের কথা ভেবে এই উদ্যোগ’। অর্থাৎ ১০০ ধাঁচে বাংলাতেও এবার নতুন উদ্যোগ নেওয়ার কথা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার তা স্পষ্ট।
আরও পড়ুন ফের পিছিয়ে গেল মোদি পদবী মামলার শুনানি,গুজরাট সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

এদিন তিনি বলেন, ‘ইন্ডিয়া লড়বে, তৃণমূল সৈনিকের মত ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ইন্ডিয়াকে জিততে হবে। বিজেপি হারবে। ভারত জিতবে। মোদি হারবে। বিজেপি হারবে। এটা ছাড়া আমাদের কোনও স্লোগান নেই’। পাশাপাশি এদিন মণিপুর ইস্যুতে বিজেপিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি মহিলাদের ইজ্জত লুঠ করছে। মনে রাখবেন মায়েরাই আমাদের দুর্গা, কালী, সীতা সাবিত্রী, বিলকিস, জাহানারা।’ প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বলেন, ‘আপনারা তো হত্যার সওদাগর। আমরা মণিপুর ছাড়ব না। এখানে তো কাক মরলেও কেন্দ্রীয় দল পাঠিয়ে দেন। বিজেপির নেতা বলছেন, আমি জানি কী ভাবে বাংলায় রাষ্ট্রপতিশাসন জারি করতে হয়। মোদীজি আপনার কাছে অনুরোধ মনটা বড় করুন।’

অন্যদিকে, একুশের মঞ্চে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুটি কর্মসূচি ঘোষণা করেন। প্রথমটি, দিল্লি চলোর ডাক। আগামী ২ অক্টোবর গান্ধি জয়ন্তীতে রাজধানী অভিযান করবে তৃণমূল। আর দ্বিতীয়টি হল বিজেপি নেতাদের ঘেরাও অভিযান। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৫ আগস্ট কোচবিহার থেকে কাকদ্বীপ যত বিজেপি নেতাকর্মী আছেন, তাঁদের বাড়ির বাইরে ঘেরাও অভিযান করবেন তৃণমূল কর্মীরা। ব্লক স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত, ছোট, বড়, মেজো সব বিজেপি নেতার বাড়ি ঘেরাও করা হোক।
আরও পড়ুন মণিপুরে মহিলাদের লাঞ্ছনার ঘটনায় পুড়িয়ে দেওয়া হল মূল অভিযুক্তের বাড়ি

কিন্তু অভিষেকের ঘোষণা করা সেই কর্মসূচিতে খানিকটা শুধরে দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’অভিষেক যে কর্মসূচির কথা বলেছে, সেটা আমি বলব শুধু ব্লক স্তরেই করো। বিজেপি নেতাদের বাড়ি থেকে অন্তত ১০০ মিটার দূরত্ব রেখে করো। যাতে যাতায়াতে অসুবিধা হয়। যাতে কেউ বলতে না পারে আমাদের হ্যারাস করা হয়েছে।” মমতার কথায়, ‘ওটা প্রতীকী ঘেরাও হোক।’


More Stories
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার, সরব মহুয়া
দিদি যতদিন, আমিও তাঁর পাশে ততদিন : দেব
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির