Home » বিরাট ছুঁয়ে ফেললেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে

বিরাট ছুঁয়ে ফেললেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে

সময় কলকাতা ডেস্ক, ২২ জুলাই : হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন তিনি।একাধারে রাজকীয় ও কেতাবি ঢঙে ব্যাট করেন।তবুও তিনি সমালোচিত গত কয়েক বছর ধরেই  তাঁর ধারাবাহিক রানে না থাকার কারণে। বিশ্ব ক্রিকেটের অন্যতম পীঠস্থান পোর্ট অফ স্পেনে বিরাট কোহলি শতরান করলেন। আর সেঞ্চুরির সংখ্যায় ছুঁয়ে ফেললেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে । যদিও ব্যাটিং গড়ের দিক থেকে বা ক্রিকেটীয় মর্যাদায় কারও ছোঁয়া সম্ভব নয় ৫২ টেস্টে ৬৯৯৬ রান করা আর প্রায় ১০০ রানের ব্যাটিং গড়  রাখা স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে। তবুও পরিসংখ্যানের হিসাবে  বিরাট ছুঁয়ে ফেললেন প্রবাদপ্রতিম ক্রিকেটারকে। ২৯টি সেঞ্চুরি হয়ে গেল বিরাট কোহলির। সময় লাগল ১১১টি টেস্ট ম্যাচ।

ধ্রুপদী ঘরানার ব্যাটিং করে বিরাট করলেন ১২১ রান। আরও হয়তো এগোতেন, কারণ ক্যারিবিয়ান বোলাররা তাঁকে বিশেষ বেগ দিতে পারেনি।রান আউট হয়ে যান তিনি। শুক্রবার নিজের ১১১ তম টেস্টে ২৯ তম সেঞ্চুরি করায় সেঞ্চুরির তালিকায় তিনি উঠে এলেন যুগ্মভাবে ১৬ নম্বরে। সবার উপরে রয়েছেন শচীন তেন্ডুলকার।২০০ টি টেস্ট খেলে ৫১ টি সেঞ্চুরি করা শচীন ছাড়ায় সেঞ্চুরির তালিকায় আরও দুই কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান বিরাটের  উপরে রয়েছেন।। এঁরা হলেন সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়।

কুইন্স পার্ক ওভালে এবারের টেস্ট ম্যাচ ভারত ও ওয়েস্টইন্ডিজের মধ্যে শততম টেস্ট ম্যাচ। জীবনের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলি।২০৬ বল খেলার ফাঁকে  ১১ টি বাউন্ডারি মারেন বিরাট।ভারতের সর্বকালের অন্যতম সেরাদের অন্যতম বিরাট যখন রানআউট হয়ে ফিরছেন তখন একটা শাশ্বত ক্রিকেট সত্যকে তিনি মনে করিয়ে দিয়ে যান, ফর্ম সাময়িক কিন্ত কোয়ালিটির বিকল্প নেই।

আরও পড়ুন :বিধ্বংসী মার্ক উড, ইনিংসে হার বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

About Post Author