Home » সুপ্রিম কোর্টে সবুজ সংকেত, বিদেশ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

সুপ্রিম কোর্টে সবুজ সংকেত, বিদেশ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাইঃ দীর্ঘ টানাপোড়েনের মাঝে অবশেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে সুপ্রিম কোর্টে সবুজ সংকেত মিলল। বুধবার সকাল ৯ টা ২০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে এমিরেটসের বিমানে তিনি দুবাই রওনা হন। অভিষেকের সঙ্গে ওই বিমানে ছিলেন স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও।দশ দিনের মধ্যেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে বলেই জানা গিয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি ঠিক হয়েছিল। কিন্তু সোমবার শুনানিতে এই মামলা শোনার ক্ষেত্রে বিচারপতি ঘোষের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল ইডি। এদিন ইডির আইনজীবী সওয়াল করে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এই সংক্রান্ত সব আবেদন সিঙ্গেল বেঞ্চে করতে হবে। তাহলে এই এজলাসে এই মামলা কীভাবে গ্রহণযোগ্য হবে? ইডির দাবি ছিল, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিষেক বন্দোপাধ্যায়ের আবেদন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই হওয়া উচিত। নিয়োগ দুর্নীতি তদন্ত বিচারপতি সিনহার নজরদারিতে হচ্ছে।’

তারপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তিনি মামলা থেকে সরে দাঁড়াবেন। যদিও অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি আপত্তি জানান। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ছাড়ার আগে প্রশ্ন করেন, ‘নিয়োগ দুর্নীতি মামলায় যদি কোনও অভিযুক্ত জামিনের আবেদন জানায়, তাহলে কী সেই মামলার শুনানি আদালত নির্ধারিত সিঙ্গল বেঞ্চে হবে? আমি প্রধান বিচারপতির কাছে সেটা জানতে চাইব।’ তারপরই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তারপর অভিষেকের মামলা চলে যায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসেই। কিন্তু ইডির আপত্তি থাকা সত্ত্বেও মঙ্গলবার প্রধান বিচারপতি ফের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই মামলা ফিরিয়ে দেন।

আরও পড়ুন   বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ফিরল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা

উল্লেখ্য, ২৬ জুলাই থেকে ২০ আগস্ট আমেরিকায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ আগস্ট আমেরিকার হাসপাতালে তাঁর অ্যাপয়েনমেন্ট রয়েছে। চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সময় লাগবে। ওই চব্বিশ দিন তিনি যে দেশের বাইরে থাকবেন, তা গত ১৫ জুলাই ইডিকে জানিয়েছিলেন। কিন্তু তাদের তরফে কোনও উত্তর আসেনি। তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ইডি সূত্রে খবর, হলফনামায় অভিষেক জানিয়েছেন, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাঁ চোখের অস্ত্রোপচারের জন্য আমেরিকায় থাকতে হয়। বাল্টিমোরের মেরিল্যান্ডে দ্য জন হপকিন্স হাসপাতালের চিকিৎসক ডেভিড এল গুইটন তাঁর চোখের অস্ত্রোপচার করেন। এবারও চিকিৎসক ডেভিডকেই দেখানোর কথা তাঁর। এর আগে মার্চ মাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন অভিষেক। কিন্তু কিছু সমস্যার জন্য সেই সময় তিনি বিদেশে যেতে পারেননি। তাই ই-মেলের মাধ্যমে পরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেন। ইতিমধ্যেই প্রমাণ হিসাবে হলফনামার সঙ্গে চিকিৎসকের সঙ্গে ইমেলে কথোপকথনের নথিও জমা দিয়েছেন অভিষেক।

About Post Author