Home » পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

সময় কলকাতা ডেস্ক,৩১ জুলাই: পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনায় ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। পাক প্রশাসনের তরফে এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এদিকে গুরুতর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০। আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য,রবিবার সন্ধ্যাবেলায় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রাজনৈতিক সভামঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন স্থানীয় এক নেতা। সেসময় আচমকাই জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ। ইতিমধ্যেই ভয়াবহ ওই বিস্ফোরণের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। গোটা ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। হামলাকারীদের কঠোর সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের প্রচারের জন্য এদিন খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জামিয়াত উলেমা ইসলাম-ফাজলের সভার আয়োজন করা হয়েছিল। যার কারণে এদিন বহু মানুষ সভাস্থলে উপস্থিত হয়েছিল। এরপর সভা চলাকালীন হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে সভা এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ৩৯ জনের। গুরুতর জখম হন শতাধিক মানুষ। এই বিস্ফোরণের নেপথ্যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গিদের হাত রয়েছে বলেই দাবি জামিয়াত উলেমা ইসলাম-ফাজল প্রধান মৌলানা ফাজলুর রেহমানের।

আরও পড়ুন  রাজনৈতিক সভা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত কমপক্ষে ৩৯


উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে লাগাতার নাশকতা চালিয়ে যাচ্ছে তেহরিক-ই-তালিবান। পাক প্রশাসনের অভিযোগ, টিটিপি জঙ্গিদের মদত দিচ্ছে তালিবান। পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে এই জঙ্গিরা। যদিও ইসলামাবাদের এই অভিযোগ মানতে নারাজ আফগানিস্তানের তালিবান সরকার। তালিবান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাক মদতপুষ্ট হক্কানি গোষ্ঠী। যদিও হক্কানিদের একেবারেই পছন্দ করে না তালিবান। কার্যত সেই কারণেই কিছুদিন পর পরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই চলেছে। আর পাকিস্তানিদের এই খেসারত দিতে হচ্ছে রক্তের বিনিময়ে।

About Post Author