Home » দলবদলের বাজারে চমক, রোনাল্ডোকে রুখে দেওয়া ডিফেন্ডার মোহনবাগানে

দলবদলের বাজারে চমক, রোনাল্ডোকে রুখে দেওয়া ডিফেন্ডার মোহনবাগানে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ আগস্ট:  দলবদলের বাজারে ফের চমক দিল মোহনবাগান সুপার জায়ান্টস। গত মরশুমে ইউরোপা লিগ খেলা ডিফেন্ডার হেক্টর ইউৎসেকে দলে নিল সবুজ মেরুন শিবির। সাইপ্রাসের ক্লাব ওমনিয়া এফসি থেকে গতবারের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন দলে নাম লেখালেন ৩৫ বছরের এই সেন্ট্রাল ডিফেন্ডার। এই মরশুমের দল বদলের বাজারে একের পর এক চমক দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংসকে দিয়ে চমকের শুরু হয়েছিল। তারপর মোহনবাগানে এলেন ইউরো কাপে আলবেনিয়ার হয়ে দুরন্ত গোল করা স্ট্রাইকার সাদিকু। এযদি হয় বিদেশীদের কথা, তাহলে দেশীয় ফুটবলার নিতেও কার্পণ্য করেনি সবুজ মেরুন।

আরও পড়ুন   ফিফা মহিলা বিশ্বকাপের বিশ্বযুদ্ধ

রেকর্ড অর্থে দেশের তিন প্রতিভাবান ফুটবলার যথাক্রমে ডিফেন্ডার আনোয়ার আলি, মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা ও ফরওয়ার্ড আব্দুল সামাদকে দলে নিয়েছে তাঁরা। তবে এখানেই মোহনবাগানের ঘর গোছানোর পালা যে থেমে থাকবে না সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। সাইপ্রাসের ক্লাব ওমনিয়া থেকে এবার হেক্টর ইউৎসেকে দলে নিয়ে ফের চমক দিল মোহনবাগান। স্পেনের কাতুজিনাতে জন্ম হেক্টরের। স্পেনের দ্বিতীয় ডিভিশনে খেলা ঘরের ক্লাব কাতুজিনার হয়েই পেশাদারী ফুটবল শুরু তাঁর। খেলেছেন স্পেনের দ্বিতীয় ডিভিশন ও প্রিমিয়ার ডিভিশনের নামী ক্লাব গ্রানাডা, লস পালাস, কাডিজ, মালোর্কায়। গত দুই মরশুমে যদিও তিনি খেলছেন সাইপ্রাসের নামী ক্লাব ওমনিয়া এফসিতে। এই ক্লাবের হয়ে জিতেছেন সিপ্রিওট কাপ ও সুপার কাপ জিতেছেন।

গত মরশুমে, এই ক্লাবের হয়ে ইউরোপা লিগেও খেলেছেন হেক্টর ইউৎসা। যেই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে ওমনিয়ার প্রতিপক্ষ ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল সোসাইদাদ। ইউরোপা লিগে একটিও ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে ছিটকে জেতে হয় ওমনিয়াকে। কিন্তু নজর কেড়েছিলেন হেক্টর। মোহনবাগান সমর্থকরা জানলে খুশি হবেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচে তাঁকে টপকে গোলমুখ খুলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওল্ড ট্র্যাফোর্ডে প্রায় ৯০ মিনিট শক্তিশালী এরিক টেন হ্যাগের দলকে রুখে দিয়েছিল ওমনিয়া। যদিও শেষ মুহূর্তের গোলে কোনওরকম মুখরক্ষা হয় ইউনাইটেডের। ঘরের মাঠে লড়াই করে ২-৩ গোলে হার মানতে হয় হেক্টরের ক্লাবকে। ওই ম্যাচেও রোনাল্ডোকে কড়া নজরে রেখেছিলেন মোহনবাগানের নতুন বিদেশী।

আরও পড়ুন     ভারতীয় ক্রিকেট নিয়ে প্রসাদ-কপিলের বাউন্সার

সাধারণত সেন্টার ব্যাক পজিশনেই খেলতে স্বচ্ছন্দ্যবোধ করেন হেক্টর। তবে, দলের স্বার্থে খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও। স্পেন ও সাইপ্রাসে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতার পাশাপাশি অসাধারণ গেম রিডিং ক্ষমতা আগামীদিনে ফেরেন্দোর দলে সম্পদ হতে পারে। অ্যারিয়েল ডুয়েলেও বিপক্ষকে বেগ দিতে পারেন ৬ ফুট ৩ ইঞ্চির দীর্ঘদেহী এই ডিফেন্ডার। বাঁ পায়ের বল প্লেয়িং বা মডার্ন ডিফেন্ডার হিসেবেও খ্যাতি রয়েছে এই স্প্যানিশ ফুটবলারের। এই মরশুমে একঝাঁক তারকা যেরকম মোহনবাগানে যোগদান করেছেন, সেরকমই দল ছেড়েছেন অনেক ফুটবলার। তাঁদের মধ্যে বেশিরভাগই রক্ষণের ফুটবলার। তিরি, প্রীতম, ড্যামজ্যানোভিচ, ম্যাকহিউয়ের মতন দক্ষ ও অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন সেই তালিকায়। ফলে মোহনবাগান রক্ষণে একটি বিশাল শূন্যতা তৈরি হয়েছিল। এখন ৩৫ বছরের স্প্যানিশ এই ডিফেন্ডার সেই শূন্যতা কতটা পূরণ করতে পারে? সেদিকেই তাকিয়ে মোহনবাগান সমর্থকরা।

About Post Author