Home » একদিনের সিরিজ জিতল ভারত

একদিনের সিরিজ জিতল ভারত

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ২ আগস্টঃ  ৩৫১ রান তাড়া করতে নেমে মুকেশ, জয়দেব উনাদকট আর শারদুলদের দাপটে ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে চেপে বসেছে ভারতীয় দল। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ৫০ রানে ওয়েস্ট ইন্ডিজ দলের ষষ্ঠ উইকেট যখন পড়ল, তখনও ২৫ রান দরকার -নইলে বিশ্বরেকর্ড হয়ে যাওয়ার সম্ভাবনা।  একদিনের ম্যাচের ইতিহাসে সবচেয়ে বড় রানে ওয়েস্ট ইন্ডিজ দলের পরাজয়ের আশঙ্কা থাকলেও মূলত অ্যাথান্সে, জোসেফ আর মোতির চেষ্টায় শেষ পর্যন্ত ১৫১ পর্যন্ত পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। লজ্জার সামনে পড়তে হয়নি। বিপুল রানের ব্যবধানে হার হলেও লজ্জা এড়ায় ওয়েস্টইন্ডিজ। ফলশ্রুতি, ২০০ রানে জিতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে  ২-১ ফলে একদিনের সিরিজ জিতে নিল ভারত।

বিরাট কোহলি, রোহিত শর্মা, এদিনও খেলেন নি তবুও ভারতীয় তরুণ ব্যাটসম্যানরা তাদের অভাব বুঝতে দেন নি।দিনের শুরু হয়েছিল ভারতীয় ওপেনার জুটির পরাক্রমে। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালে মূলত ঈশান কিষান খড়্গহস্ত হয়ে ওঠেন ওয়েস্টইন্ডিজ বোলারদের ওপরে। মাত্র ৬৪ বলে ৭৭ রান করে ফেরেন তিনি। শুভমান গিল, সঞ্জু স্যামসন এবং সূর্য কুমার যাদব এবং একদম শেষদিকে হার্দিক পান্ডিয়া- প্রত্যেকে রান করেছেন এবং সবাই দ্রুত গতিতে রান করেছেন।

আরও পড়ুন   ফিফা মহিলা বিশ্বকাপের বিশ্বযুদ্ধ

একমাত্র ব্যর্থ হয়েছেন ঋতুরাজ গাইকোয়াড়। তাঁকে একদমই স্বচ্ছন্দ দেখায় নি। তবে শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছিলেন সঞ্জু স্যামসন। নিজের ইনিংসের প্রথম চার বলে দুটি ছয় মেরে তিনি আধিপত্য দেখাতে থাকেন। মাত্র ৪২ বলে ৫১ রান করে ফেরেন তিনি। শুভমান গিল খুব দ্রুত রান না তুললেও দৃষ্টিনন্দন ৮৫ রান করেন। তাঁর রানই ছিল ইনিংসের সর্বোচ্চ। এ ম্যাচের অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথম দিকে বেশ ধীরগতিতে ব্যাট করলেও পরের দিকে ভয়ঙ্কর হয়ে ওঠেন।২৫ ওভারের শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ১৭৫।

ইঙ্গিত ছিল ৪০০ রানের গণ্ডী পার করতে পারে ভারত। ক্যারিবিয়ান স্পিনার গুদাকেশ মোতি ব্যাটসম্যানদের বেঁধে রাখতে সক্ষম হলেও শেষদিকে হার্দিকের ইনিংসের সৌজন্যে ৩৫১ রানের এক বড় ইনিংস গড়ে ফেলে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে গুদাকেশ মোতি ছাড়া কোনও বোলার বিন্দুমাত্র রেখাপাত করতে পারেন নি।পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজ পেসারদের ওপরে ভারতীয় ব্যাটসম্যানদের সবাই কমবেশি নির্দয় ছিলেন। অথচ একই পিচে বল করতে শুরু করে আগুন ঝরাতে থাকেন ভারতীয় বোলাররা। মুকেশ কুমার আপলেংথ বল করে শুরু থেকে ত্রাসের কারণ হয়ে ওঠেন ক্যারিবিয়ান ব্যাটারদের কাছে।

আরও পড়ুন    রোনাল্ডোর মাথাও কথা বলে

প্রথম পাওয়ার প্লে তে খেলার ভাগ্য নির্ধারিত হয়ে যায় মূলত মুকেশের বোলিংয়ের সৌজন্যে। ওয়েস্ট ইন্ডিজের ভরসা ছিলেন তাঁদের অধিনায়ক সেই হোপ। সেই হোপ মুকেশের অসাধারণ একটি বলে স্লিপে গিলের হাতে ধরা পড়েন। জয়দেব উনাদকট ৯ বছর পরে আবার ভারতের হয়ে এক দিনের ম্যাচে প্রত্যাবর্তন করলেন। এটিও একটি রেকর্ড। তাঁর প্রত্যাবর্তনের প্রথম ওভার হয়ে উঠল স্মরণীয়। নিজের প্রথম ওভারেই কেসি কার্টিকে ফেরত পাঠান উনাদকট । শারদুল চারটি এবং কুলদীপ যাদব দুটি উইকেট পান। আগামী শুক্রবার থেকে ত্রিনিদাদেই শুরু হচ্ছে দু দলের মধ্যে টি টোয়েন্টি সিরিজ।

About Post Author