Home » সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক,৫ আগস্টঃ ফের হাওয়া বদল! শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা। এদিন সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর সুত্রে খবর, আজ থেকেই দক্ষিণবঙ্গে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। এদিকে, গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর।

 

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। কলকাতা ও তার আশপাশের এলাকায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৮ থেকে ৯৪ শতাংশ। এদিকে, বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা দুর্বল হতে চলেছে।

আরও পড়ুন    ভারত-বাংলাদেশ বসিরহাট সীমান্তে আন্তর্জাতিক বাস পরিষেবা চালু হওয়ার তোড়জোড়

পূর্বাভাস বলছে, শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেবজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম বাড়বে।

About Post Author