সময় কলকাতা ডেস্ক, ১৭ আগস্ট :ডার্বির ধাক্কা কাটিয়ে ঘুরে দাড়াল মোহনবাগান। বুধবার এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসির মুখোমুখি হয় সবুজ মেরুন ব্রিগেড। আনোয়ার আলির জোড়া গোল ও বিশ্বকাপার জেসন কামিংসের গোলে ভর করে প্রথম ম্যাচে স্বস্তির জয় পেল মোহনবাগান। বলা বাহুল্য মোহনবাগানের হয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক আনোয়ার আলি।
ডুরান্ড কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে অপ্রত্যাশিত ভাবে হারের মুখ দেখেছিল মোহনবাগান সুপার জায়ান্টস। কোটি কোটি টাকা খরচ করে তারকা খচিত দলের ডার্বিতে ভরাডুবি মেনে নিতে পারেননি সমর্থকরা। দলের তারকাদের যোগ্যতা নিয়ে উঠছিল প্রশ্ন। যদিও একটি ম্যাচে খারাপ ফলকে গুরুত্ব দিতে চাননি মোহন কোচ। দলকে নিয়ে শুরু করেছিলেন ঘুরে দাঁড়ানোর লড়াই। ডার্বিতে হারের জেরে এদিন মাঠে মোহন জনতার উপস্থিতি ছিল বেশ কম। এই ম্যাচে উপস্থিত দর্শক সংখ্যা ছিল মাত্র ৫৮৯২।
বুধবার এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে ঘরের মাঠে এক অন্য মোহনবাগানের দেখা মিলল। ম্যাচের শুরু থেকে আক্রমণের ঝাঁঝে নেপালের মাচিন্দ্রা এফসিকে টেক্কা দিলেন জুয়ান ফেরান্দোর ছেলেরা। এদিন হুগো বুমো ও ব্র্যান্ডন হামিলের সঙ্গে বিশ্বকাপার জেসন কামিংসকে প্রথম একাদশে রেখে দল সাজিয়েছিলেন মোহন বাগানের স্প্যানিশ কোচ।
কামিংসের সঙ্গে এদিন প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন সাহাল।
ম্যাচের প্রথম মিনিটেই গোলের সন্ধান পেয়ে যায় মোহনবাগন। তবে গোলের সহজ সুযোগ নষ্ট করেন আশিক কুরিয়ান। দুই প্রান্তকে ব্যবহার করে এদিনও বিপক্ষের রক্ষণকে বিভ্রান্ত করার চেষ্টা করে আশিক, সাহাল, কামিংসরা। প্রথম ১০ মিনিটের ভিতর দলগত প্রচেষ্টায় আরও একটি গোলের সুযোগ পেয়ে যায় বাগান। তবে এবারও সমর্থকদের নিরাশ করেন আশিক। অপরদিকে নিজেদের মধ্যে একটি দুটি করে পাস খেলে কয়েকটি আক্রমণ তুলে আনে নেপালের ক্লাবটি। যদিও সেই আক্রমণগুলি ফলপ্রসূ হয়নি। কারণ সবুজ মেরুন রক্ষণ ভেদ করার মত তীক্ষ্ণতা সেই আক্রমণগুলিতে ছিল না। প্রথমার্ধের নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে কাঙ্ক্ষিত গোলের সন্ধান পায় মোহনবাগান। কর্নার থেকে হুগোর মাপা সেন্টার জোড়ালো হেড করে জালে জড়িয়ে দেন আনোয়ার আলি। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ নিয়েই বিরতিতে যান সবুজ মেরুন ব্রিগেড।
দ্বিতীয়ার্ধেও আগাগোড়াই ম্যাচের রাশ ছিল জুয়ান ফেরেন্দোর ছেলেদের পায়ে। ম্যাচের ৬৫ মিনিটে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ালেন বিশ্বকাপার কামিংস। ডার্বির পর যাঁকে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। প্রশ্ন উঠেছিল মেসির বিরুদ্ধে খেললেই কি মেসি হওয়া যায়? এদিন গোল করে সমালোচকদের জবাব দিলেন কামিংস। অনেকটা একক দক্ষতায় মাচিন্দ্রার জালে বল জড়ালেন তিনি। ২-০ গোলে এগিয়ে গিয়ে মোহনবাগানের আক্রমণের গতি কিছুটা শ্লথ হয়। সেইসময় ফ্রিকিক থেকে একটি গোলের ব্যবধান কমায় নেপালের ক্লাবটি। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার ৫ মিনিট আগে ফের গোল করে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের ফ্রিকিক থেকে নেওয়া ক্রস থেকে ফের গোল করেন আনোয়ার। মোহনবাগান এগিয়ে যায় ৩-১ গোলে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মাচিন্দ্রা।
এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীর মুখোমুখি হবে মোহনবাগান। ২২ অগস্ট ওই ম্যাচ জিতলে প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে মেরিনার্সরা। ওই ম্যাচ জিতে এশিয়া সেরার লড়াইয়ে যোগ্যতা করতে পারবে জুয়ান ফেরেন্দোর ছেলেরা? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই