Home » প্রবল বৃষ্টিতে ফের বন্যা পরিস্থিতি রাজধানী দিল্লিতে, হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৭৭

প্রবল বৃষ্টিতে ফের বন্যা পরিস্থিতি রাজধানী দিল্লিতে, হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৭৭

সময় কলকাতা ডেস্ক, ১৯ আগস্ট: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সমগ্র উত্তর ভারত। তারই মধ্যে রাজধানী দিল্লিতে ফের নতুন করে বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। দিল্লির একাধিক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ফের বৃষ্টিতে বড়সড় ক্ষতির মুখে রাজধানী। গত মাস থেকেই রেকর্ড হারে বৃষ্টিপাতের কারণে ভাসছে রাজধানী। বিগত ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। রীতিমতো ফুঁসছে যমুনা নদী। শুক্রবার রাত থেকে আরও বেড়েছে যমুনা নদীর জলস্তর। হরিয়ানার হাতনিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়ার জেরে পরিস্থিতি আরও বেগতিক হয়ে উঠেছে। এই জরুরি অবস্থায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী শহরে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুমও খোলা হয়েছে।

এদিকে, প্রকৃতির রোষে অসহায় গোটা উত্তর ভারত। শুক্রবার পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী প্রবল বৃষ্টিতে এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ধসের ফলে শিমলার এক শিব মন্দিরের নিচে ৬ জনের আটকে থাকার খবর পাওয়া গিয়েছে। কার্যত বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু গোটা এলাকাটিকে প্রাকৃতিক বিপর্যস্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। হিমাচলে উত্তাল হয়ে উঠেছে বিপাশা নদী। নদীগর্ভে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়ি-ঘর। বিপর্যস্ত জনজীবন। ধস নেমে রাস্তা বন্ধ। জলমগ্ন বাসিন্দাদের উদ্ধার করতে হিমশিম খেতে হচ্ছে। বৃষ্টি ও ধসের কারণে প্রায় দশ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। শিমলার মন্দিরের ধ্বংসাবশেষের তলায় অন্তত ছয়জনের দেহ চাপা পড়ে রয়েছে বলে অনুমান। বন্যা বিপর্যস্ত হিমাচলের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবিতে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এখনও উদ্ধারকাজ চলছে। ঘর ছাড়াদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন     বন্যায় বিপর্যস্ত হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড! ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১০ হাজার কোটি

ইতিমধ্যেই বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখেছে কেন্দ্রের প্রতিনিধি দল। সব মিলিয়ে প্রায় দশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে গোটা হিমাচল প্রদেশে। এই পরিস্থিতিতে, শুক্রবার শিমলার মন্দিরের তলা থেকে আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার থেকে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের একাধিক এলাকায় ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। এর ফলে প্রবল বেগে জলস্তর বাড়ছে বিপাশা নদীর। সেই সঙ্গে একাধিক জায়গায় ধসের খবরও মিলেছে। বিপর্যস্ত একাধিক রাস্তা থেকে সেতু। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু এলাকা। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল, কলেজ। সেই সঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে পর্যটকদের সেখানে না যাওয়ার। হিমাচল প্রদেশের ৫০৬টি রাস্তা এখনও বন্ধ হয়ে রয়েছে। বিকল হয়ে পড়েছে জল সরবরাহের ১৪৯টি প্রকল্প। গোটা রাজ্যের পরিস্থিতি মোকাবিলা করতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যা ক্ষতি হয়েছে সেই পরিকাঠামো গড়ে তুলতে আরও এক বছর সময় লাগবে।

About Post Author