Home » ফের চিটফান্ডের ছায়া, কয়েক হাজার কোটি টাকার প্রতারণা

ফের চিটফান্ডের ছায়া, কয়েক হাজার কোটি টাকার প্রতারণা

সময় কলকাতা ডেস্ক, ২০ আগস্ট: চিটফান্ড কেলেঙ্কারির সময় সারা দেশ প্রত্যক্ষ করেছিল লক্ষ লক্ষ মানুষ কিভাবে সর্বস্বান্ত হয়েছে। অধিক মুনাফার প্রলোভনের টোপ দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কিছু রাজনৈতিক নেতার প্রশ্রয়ে লক্ষ লক্ষ মানুষকে কার্যত পথে বসিয়েছে। বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছিল দেশের বিভিন্ন প্রান্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক পদক্ষেপ নিয়ে গ্রেফতার করেছিলেন রাজনৈতিক নেতা, চিট ফান্ডের একাধিক কর্ণধারকে। সেই ক্ষত এখনও পুরোপুরি নিরাময় হয়নি। তারই মাঝে ফের চিটফান্ডের ছায়া। উঠে এল আরেকটি আধুনিক চিটফান্ড বা পঞ্জি স্কিমের প্রতারণা। এটা অবশ্য ভার্চুয়াল। ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে এই ভার্চুয়াল পঞ্জি স্কিমে ডলারে টাকা জমা হতো ও তোলা হত। সর্বনিম্ন জমা রেখে দেওয়ার রাশি ২০৫ ডলার, ঊর্ধ্বের কোন সীমারেখা নেই। আর লাভের পরিমাণ? মাসিক ৩০ থেকে ৪০ শতাংশ মুনাফা। স্বভাবতই অধিক মুনাফা লাভের আশায় লক্ষ লক্ষ মানুষ বিনিয়োগ করেছিল এই ভার্চুয়াল পঞ্জি স্কিমে। যার নাম এম পি এফ ই। মুনাফার প্রলোভন দেখিয়ে কয়েক হাজার কোটি টাকার প্রতারণা।

এই স্কিমে অর্থ বিনিয়োগ করার পরে বিনিয়োগকারীদের কি অবস্থা? বিক্ষোভকারীদের মূল অভিযোগের তীর এই কোম্পানির স্থানীয় সিইও প্রণয় দের বিরুদ্ধে। যেদিন থেকে এই ভার্চুয়াল অ্যাপটির আদান-প্রদান বন্ধ হয়ে যায় তার কয়েক দিন আগে বারাসাত থেকে তল্পিতল্পায় গুটিয়ে অন্যত্র চলে গিয়েছেন এই প্রণয় দে। কিন্তু শুধু কি প্রণয় দে? এমন সিইও এই কোম্পানি ভারত-বাংলাদেশ ,পাকিস্তান নাইজেরিয়া,শ্রীলঙ্কা মিলিয়ে প্রায় দশ হাজার জনকে করেছিল। মূলত টাকা তোলার এবং এজেন্ট নিয়োগের পারফরম্যান্স বিচার করে এই সিইও পদ দেওয়া হত। পাঁচটি দেশেই বিনিয়োগকারীরা এখন খুঁজে বেড়াচ্ছেন এই কোম্পানির মাথা কোথায় এবং কারা। বাংলাদেশী প্রায় দশ হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে।

আরও পড়ুন   জমি কেলেঙ্কারি মামলায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব ইডির

ভারতবর্ষ প্রায় ৩ হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। এম পি এফ ই অর্থাৎ মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ এই কর্মকাণ্ডের মূল মাথা হিসেবে মনে করা হচ্ছে বাংলাদেশের মাসুদ আল ইসলামকে। যে বর্তমানে বাংলাদেশ থেকে তল্পিতল্পা গুটিয়ে দুবাইয়ে বসবাস করছে এবং দুবাই থেকেই ব্যবসাটিকে পরিচালনা করছিল। অনেকের মতে, এই কোম্পানির রেজিস্ট্রেশন হয়েছিল কানাডার অন্টারিওতে। কিন্তু অন্টারিওর প্রশাসনিক মহলের মতে এই কোম্পানির রেজিস্ট্রেশন কানাডায় হয়নি। বিগত চার দিন আগে আচমকাই আমানতকারীদের জমাকৃত রাশি, মাইনাস ব্যালেন্সে চলে যায়।। তখন থেকেই বিক্ষোভের ঢেউ আছড়ে পড়তে থাকে একাধিক দেশে। বিক্ষোভ শুরু হতেই এই ভার্চুয়াল পঞ্জি স্কিমের আমানতকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম পরিবর্তন করে , গ্রুপ থেকে বের করে দেওয়া হয় সমস্ত আমানতকারীকে।

আরও পড়ুন    নার্স লুসি লেটবি সাত নবজাতক খুনের অভিযোগে দোষী সাব্যস্ত, রহস্য মোটিভ ঘিরে

রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের এই কোম্পানির সিইও প্রণয় দের পার্টনারশিপে থাকা একটি হোটেলে আমানতকারীরা জড়ো হয়। তাদের বক্তব্য, অবিলম্বে প্রণয় দে-কে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রণয় দে যেমন বেপাত্তা, তেমনই পাকিস্তান ,শ্রীলঙ্কা, বাংলাদেশ, নাইজেরিয়া, ভারতের এই কোম্পানির সমস্ত সিইও বেপাত্তা। কোম্পানির কোন হদিশ নেই, কোম্পানির কর্ণধারদের কোন সন্ধান নেই। ফলে বিপাকে পড়েছেন আমানতকারীরা। অতিরিক্ত মুনাফা সত্ত্বেও লোভের বসবর্তি হয়ে কেন আমানতকারীরা ফের ফাঁদে পড়লেন? সে প্রশ্ন যেমন থাকছে তেমনই প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এমন প্রতারণা কিভাবে চলছিল, সে প্রশ্নও উঠতে শুরু করেছে।

About Post Author