Home » দাবা বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রজ্ঞা

দাবা বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রজ্ঞা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ অগস্ট: নতুন মাইল ফলক স্পর্শ করলেন প্রজ্ঞানন্দ রমেশবাবু। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে ওঠার নজির স্পর্শ করলেন। সোমবার সেমিফাইনালে আমেরিকার গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানার মুখোমুখি হন ১৮ বছরের ভারতের প্রজ্ঞা। হাড্ডাহাড্ডি ওই ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই বাজিমাৎ করলেন প্রজ্ঞা। এই ম্যাচে জয়ের ফলে দাবা বিশ্বকাপের ফাইনলে পৌঁছে গেলেন তামিলনাড়ুর এই খুদে গ্র্যান্ডমাস্টার। ফাইনালে তাঁর প্রতিপক্ষ বিশ্বের অন্যতম সেরা গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন।

আরও পড়ুন   পোষা কুকুরকে মারতে বাধা দিতেই ক্ষেপে গিয়ে খুন স্ত্রী ও দুই সন্তানকে

দাবা বিশ্বকাপের দশম সংস্করণের আসর বসেছে আজারবাইজানে। ৩০ শে জুলাই থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা চলবে আগামী ২৪ অগস্ট পর্যন্ত। এই টুর্নামেন্টে বাকি দেশের গ্র্যান্ডমাস্টারদের মত ভারতীয় গ্র্যান্ডমাস্টাররাও অংশগ্রহণ করেছে। যদিও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বেশিরভাগ ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে। এই প্রতিযোগিতার শেষ দুইয়ে ভারতের শেষ বাজি প্রজ্ঞানন্দ রমেশ বাবু। সোমবার এই প্রতিযোগিতার সেমিফাইনালে যিনি হারিয়েছেন বিশ্বের তিন নম্বর দাবাড়ু আমেরিকার ফ্যাবিয়ানো ক্যারুয়ানাকে। যদিও এই লড়াই মোটেও সহজ ছিল না।

রবিবার সেমিফাইনালে ক্লাসিক সিরিজ শেষ হয় ১-১ পয়েন্টে। ৪৭ চালের এই ম্যাচ অমীমাংসিত থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় সোমবারের টাইব্রেকারে। রুদ্ধশ্বাস সেই লড়াইয়ে তামিলনাড়ুর এই খুদে দাবাড়ুর বুদ্ধির কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় আমেরিকার গ্র্যান্ড মাস্টারকে। টাইব্রেকারে ৩.৫-২.৫ পয়েন্টে জিতে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন ভারতের প্রজ্ঞা। এর আগে ২০০০ ও ২০০২ সালে দাবা বিশ্বকাপ জিতেছিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ। প্রতিযোগিতার ফাইনালে পৌঁছনো তিনিই ছিলেন একমাত্র ভারতীয়। এদিন দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই নজির স্পর্শ করলেন এই অষ্টাদশী দাবাড়ু। এরই সঙ্গে ববি ফিশার এবং ম্যাগনাস কার্লসেনের পর তৃতীয় কনিষ্ঠ দাবাড়ু হিসেবে পেলেন ক্যান্ডিডেটস দাবায় খেলার ছাড়পত্র। ২০২৪ সালে আয়োজিত ক্যান্ডিডেটস কাপে দ্বিতীয় ভারতীয় হিসেবে খেলতে দেখা যাবে প্রজ্ঞাকে।

আরও পড়ুন     ছাত্রমৃত্যুর জের, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠকে একাধিক সিদ্ধান্ত

প্রজ্ঞার ফাইনালে ওঠার খবরে উচ্ছাসে মেতেছে ভারতীয় দাবা মহল। শুরু থেকেই এদিন তাঁর চোখ ছিল ম্যাচের দিকে। ম্যাচ শেষ হতেই ট্যুইট করলেন বিশ্বনাথন আনন্দ। তিনি লিখেছেন, “ফাইনালে প্রজ্ঞা! টাইব্রেকারে ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে দিয়েছে সে। এ বার ফাইনালে ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি। কী অসাধারণ পারফরম্যান্স!” আর টুর্নামেন্টের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে প্রজ্ঞা জানালেন, “আমি খুব ক্লান্ত। নিজের ইচ্ছামত প্রস্তুতি সারতে পারিনি। খেলার সময় আমার সক্রিয়তা কিছুটা কম ছিল। তবে ফাইনালে উঠে ভালো লাগছে।” ফাইনালে ভারতীয় দাবার বিস্ময় বালকের সামনে প্রতিদ্বন্দ্বী বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। এনিয়ে তিনি বলেন,”টুর্নামেন্টে খেলতে আসার আগে ভাবিনি ফাইনালে কার্লসেনের বিরুদ্ধে খেলব। তবে যখন ফাইনালে পৌঁছেছি চেষ্টা করব নিজের সেরাটা উজাড় করে দিতে। তারপর যা হবে দেখা যাবে”

About Post Author