স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ অগস্ট: ঐতিহাসিক সময়ের সাক্ষী দেশ। চন্দ্রের দক্ষিণ বক্ষে সফল অবতরণ করে ইতিহাস রচনা করেছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। গোটা দেশ দেখেছে এরপরেই বিক্রমের পেট থেকে বেরিয়ে চন্দ্রভূমি স্পর্শ করেছে রোভার প্রজ্ঞান। একদিকে যখন বুধবার সেই আনন্দের উৎসবে মেতেছিল গোটা দেশ। অপরদিকে, ভারতীয় ক্রীড়াপ্রেমীদের চোখ ছিল আজারবাইজানে। যেখানে চলছে ফাইড দাবা বিশ্বকাপের মেগাফাইনাল। দ্বিতীয় ভারতীয় হিসেবে যে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে ভারতের অষ্টাদশী দাবাড়ু প্রজ্ঞানন্দ রমেশবাবু। ফাইনালে তিনি মুখোমুখি হয়েছেন ৬৪ ঘরের খেলার বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনের। ফাইনালের প্রথম ক্লাসিক্যালের পর,দ্বিতীয় ক্লাসিক্যালেও ম্যাচের ফয়সালা হল না। ফলে বৃহস্পতিবার টাইব্রেকারে নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য। ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ ও নরওয়ের ম্যাগনাস কার্লসেনের মধ্যে টাইব্রেকারের পরেই পাওয়া যাবে এবারের বিশ্বচ্যাম্পিয়নের নাম।
আরও পড়ুন ৫৪ বছর পথ চলার পরে ইসরোর সাফল্য,চাঁদে সফল অবতরণ চন্দ্রযানের

প্রথম ক্লাসিক্যাল ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে প্রথম চাল দিয়েছিলেন ভারতের প্রজ্ঞা। ওই ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিত। দ্বিতীয় ক্লাসিক্যালে সাদা ঘুঁটি নিয়ে খেলেন বিশ্বসেরা কার্লসেন। ম্যাচের শুরুটা অনেকটা র্যাপিড স্টাইলে খেলার ভঙ্গিতে শুরু করেন দুই প্রতিযোগী। আগ্রাসী কার্লসেনের চোখে চোখ রেখে মোকাবিলা করছিলেন ভারতের প্রজ্ঞা। দুজনেই আপ্রাণ চেষ্টা করছিলেন নিজেদের কুইনকে সুরক্ষিত রাখার।

যদিও সেই চেষ্টা বেশিক্ষণ সফল হয়নি। দুজনেই একটা সময়ের পর কুইন হারান। ম্যাচের গতি কিছুটা শ্লথ হলেও রক্ষণকে আলগা হতে দেননি দুই ফাইনালিস্ট। ম্যাচে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে একজন একটি ভুল করলেই, অপরজন ম্যাচ বার করে নেবেন। যদিও সেটা ঘটেনি। ৩০ টি চালের পর ম্যাচ অমীমাংসিত রাখার সিদ্ধান্ত নেন প্রজ্ঞা ও কর্লেসেন। ফলে দুই প্রতিযোগীরই পয়েন্ট দাঁড়াল ১। প্রতিযোগিতার নিয়ম মাফিক প্রথম দুটি ক্ল্যাসিকালে ম্যাচের ফয়সালা না হওয়ায় ম্যাচ গড়াবে টাইব্রেকারে।

প্রথমে ২৫ মিনিটে দু’টি র্যাপিড প্রতিযোগিতায় মুখোমুখি হবেন দুই বিশ্বচ্যাম্পিয়নের দাবিদার। সেখানেও ম্যাচের ফয়সালা না হলে আরও দুটি র্যাপিড রাউন্ড খেলতে হবে দুজনকে। সেক্ষেত্রে হাতে সময় থাকবে ১০ মিনিট করে। আর সেখানেও ম্যাচের ভাগ্য অমীমাংসিত থাকলে ১০ মিনিট করে দু’টি ব্লিৎজ় প্রতিযোগিতা হবে। যদি সেই খেলাতেও ফয়সালা না হয়, তাহলে আরও একটি ব্লিৎজ় প্রতিযোগিতা। এই ম্যাচ চলবে ম্যাচের ভাগ্য নির্ধারণ না হওয়া পর্যন্ত।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই