সময় কলকাতা ডেস্ক, ২৭ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। তদন্ত যতই এগোচ্ছে ততই যেন ঘনীভূতে হচ্ছে রহস্য। ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ইউজিসির গাইডলাইন অনুযায়ী কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হস্টেলে সিসিটিভি ক্যামেরা নেই, তা নিয়েও উঠেছে প্রশ্ন। কার্যত সেকারণেই এবার ক্যাম্পাস ও হস্টেল সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় আনা হচ্ছে। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বুদ্ধদেব সাউ যাদবপুরে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হস্টেল মিলিয়ে ১০ জায়গায় মোট ২৬টি সিসিটিভি ক্যামেরা বসবে। ইতিমধ্যেই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

সূত্রের খবর, ক্যাম্পাসের ১ থেকে ৫ নম্বর গেটে নজরদারি চালাতে ১০টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। এছাড়াও গাড়ির নজরদারিতে ২টি এএনপিআর ক্যামেরা বসানো হবে। জানা গেছে, ১, ২ ও ৩ নম্বর গেটে ২টি করে সিসি ক্যামেরা বসানো হবে। ৪ ও ৫ নম্বর গেটে ২টি করে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ১টি করে এএনপিআর ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও হস্টেলে ১১টি সিসিটিভি ক্যামেরা ও ৩টি এএনপিআর ক্যামেরা বসানো হচ্ছে। ছেলেদের মেন হস্টেলে ২টি সিসিটিভি ক্যামেরা ও একটি এএনপিআর ক্যামেরা বসানো হবে। মেয়েদের মেন হস্টেলে ৩টি সিসিটিভি ক্যামেরা বসবে। দ্বিতীয় ক্যাম্পাসের প্রধান গেট, ক্যাব গেটে ২টি করে সিসিটিভি ক্যামেরা ও একটি করে এএনপিআর ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাসের বয়েজ হস্টেলে ২টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
আরও পড়ুন ছাত্রমৃত্যুর জের, যাদবপুর ক্যাম্পাসে সেনার পোশাক পরা সংগঠনের সাধারণ সম্পাদককে গ্রেফতার করল পুলিশ

এদিকে, ছাত্রমৃত্যুর ঘটনায় শিক্ষা পেয়ে র্যাগিং-মুক্ত ক্যাম্পাস গড়তে ইতিমধ্যেই ইসরো-র চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে কথা বলেছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে কীভাবে র্যাগিং আটকানো যায়, তা নিয়ে শুক্রবার দীর্ঘক্ষণ ইসরোর সঙ্গে বৈঠক করেন উপাচার্য। এদিন ইসরোর চেয়ারম্যানের সঙ্গে প্রযুক্তিগত বিভিন্ন দিকগুলি নিয়ে কথা বলেন তিনি। কীভাবে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিকে র্যাগিং থেকে মুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে উভয়ের মধ্যে। শুধু ইসরোর চেয়ারম্যানের সঙ্গেই নয়, এর পাশাপাশি হায়দ্রাবাদের একটি সংস্থার সঙ্গেও এই নিয়ে আলোচনা করেছেন রাজ্যপাল বোস। ভিডিয়ো অ্যানালিসিস, ইমেজ ম্যাচিং, অটোমেটিক টার্গেট রিকগনিশন ও রিমোট সেন্সিংয়ের মতো বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রগুলিকে ব্যবহার করে এই সমস্যার থেকে মুক্তির একটি যথাযথ উপায় বার করার বিষয়ে ইসরো ও হায়দ্রাবাদের ওই সংস্থা সাহায্যের বার্তা দিয়েছে রাজভবনকে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে র্যাগিং থেকে মুক্ত করতে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাহায্য করার আশ্বাস দিয়েছে ইসরো।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!