Home » মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল

সময় কলকাতা ডেস্ক, ১০ আগস্ট: শুক্রবার রাত ১১ টা নাগাদ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো। এখনো পর্যন্ত ২০০০ এরও বেশি মানুষ মারা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এখনও পর্যন্ত গুরুতর আহত দেড় হাজারেরও বেশি মানুষ। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে থাকা ব্যক্তিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি শতাধিক মানুষ। শুক্রবার রাতে কেঁপে ওঠে মধ্য মরক্কোর বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে শহরের বাড়িঘর তাসের ঘরের মতো কাঁপতে কাঁপতে ধসে পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে ধ্বংসাবশেষে পরিণত হয় গোটা এলাকা। ভূমিকম্পে নিশ্চিহ্ন গ্রামের পর গ্রাম

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। এই ঘটনার ১৮-১৯ মিনিট পর আফটার শক অনুভূত হয়। সেসময় কম্পনের তীব্রতা ছিল ৪.৯। ভয়াবহ ভূমিকম্পে একটি মসজিদ এবং বেশ কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ অজস্র বাড়িঘর ভেঙে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। আতঙ্কিত বাসিন্দারা ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন। রাতে ঘুমিয়ে থাকার কারণে বাড়িঘর ধসে পড়ায় চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মরোক্কোর মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। উৎসস্থলের গভীরতা ছিল ১৮.৫ কিলোমিটার।

আরও পড়ুন   চন্দ্রবাবু নাইডুর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ


ইতিমধ্যেই ভয়াবহ এই ভূমিকম্পের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি শোক প্রকাশ করে লিখেছেন, ‘এই দুঃসময়ে মরক্কোর মানুষকে সমবেদনা জানাই। ভারত সবরকমের সাহায্যের জন্য প্রস্তুত।’ এর আগে ২০০৪ সালে মরক্কোয় বড়সড় ভূমিকম্প হয়েছিল। সেসময় কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল বন্দর শহর আল হোসেইমা। ভয়াবহ এই ভূমিকম্পের জেরে ৬০০-রও বেশি মানুষ মারা গিয়েছিল।

About Post Author