Home » ভয়াবহ অগ্নিকাণ্ড ভিয়েতনামে, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৫২

ভয়াবহ অগ্নিকাণ্ড ভিয়েতনামে, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৫২

সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্টেম্বরঃ ভয়াবহ অগ্নিকাণ্ড ভিয়েতনামে। মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি বহুতলে আগুন লাগে। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ৫৪ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, নয় তলার ওই বহুতলে কমপক্ষে ৪৫টি পরিবার থাকেন। রাতে যখন আগুন লাগে বহুতলটিতে, সেসময় অনেকেই ঘুমিয়ে ছিলেন।

আরও পড়ুন    ওয়েল্লালাগের স্পিনে কুপোকাত ভারতের বিশ্বমানের ব্যাটিং লাইনআপ, কে এই ওয়েল্লালাগে?

মুহূর্তের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে বহু মানুষ মারা যান। তড়িঘড়ি বহুতলের ভিতরে থাকা ৭০ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পৌঁছয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন    রাতের কদম্বগাছিতে বোমা বিস্ফোরণ , কেঁপে উঠল এলাকা

যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। বুধবার সকালের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে বলেই জানা গিয়েছে। তবে এদিন ঠিক কী থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তা এখনও জানা সম্ভব হয়নি। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে।

About Post Author