সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্টেম্বরঃ বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। অতিমারির কারণে টানা দুবছর বন্ধ ছিল তারাপীঠের কৌশিকী অমাবস্যার উৎসব। গত বছর থেকেই করোনা অতিমারি কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে জনজীবন। কার্যত সেই কারণে এবারেও আর কোনও বিধিনিষেধ থাকছে না বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হতে পারে তারাপীঠে। ইতিমধ্যেই শক্তিপীঠে পুজো দিতে দলে দলে ভিড় জমাচ্ছেন ভক্তরা। ভিড় সামাল দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারাপীঠের মন্দির কমিটি থেকে শুরু করে জেলা প্রশাসন। ১৪ সেপ্টেম্বর অর্থাৎ ২৭ ভাদ্র বৃহস্পতিবার সন্ধ্যে ৫ টা ৩১ মিনিট থেকে পড়ছে তিথি। আর ২৮ ভাদ্র অর্থাৎ ১৫ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬.৩০ মিনিট পর্যন্ত থাকবে তিথি। তাই ভক্তদের জন্য বৃহস্পতি ও শুক্রবার সারারাত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি।

বৃহস্পতিবার মন্দিরের ভিড় সামলাতে নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে। বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে মন্দির চত্বর। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা লাগানোরও কাজ চলছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে শতাধিক সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার লাগানো হচ্ছে বলে জানা গিয়েছে। নজরদারি চলবে ড্রোন ক্যামেরা দিয়েও। পাশাপাশি, গোটা মন্দির চত্বর আলোকসজ্জায় সুসজ্জিত করা হচ্ছে। প্রতি বছরের মত এবছরেও বড় পর্দার মাধ্যমে ভক্তদের আরতি দেখার ব্যবস্থা করা হবে। নিরাপত্তা দিতে মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। সবমিলিয়ে কৌশিকী অমাবস্যার উৎসবকে ঘিরে সাজো সাজো রব তারাপীঠে।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সাড়া, ইডির দফতরে পৌঁছলেন অভিষেক

কথিত আছে, সাধক ব্যামাক্ষ্যাপা ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার দিন তপস্যায় সিদ্ধিলাভ করেন। তারাপীঠে শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন সাধক ব্যামাক্ষ্যাপা। তাঁকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। এছাড়াও এই তিথিতে দেবী কালিকা কৌশিকী রূপে বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ ও নিশুম্ভ নামের অসুরদের দমন করেন। অন্যদিকে, কৌশিকী অমাবস্যার আগেই আকাশ ছুঁয়েছে তারাপীঠের হোটেল ভাড়া। কেবলমাত্র একদিনের জন্য হোটেলের ঘর বুক করা যাচ্ছেনা। অন্তত তিনদিনের জন্য বুক করতে হচ্ছে হোটেল। আর সেই বুকিংয়ের জন্য মোটা টাকা খসাতে হচ্ছে ভক্তদের। তারাপীঠে প্রায় ৩৫০-রও বেশি হোটেল রয়েছে। সূত্রের খবর, তিনদিনের জন্য কোথাও নন এসি রুমের ভাড়া ৭ হাজার তো কোথাও আবার এসি রুমের ভাড়া ২০ হাজার টাকা। যা দেখে কার্যত মাথায় হাত পুণ্যার্থীদের।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান