Home » ৪১ বছর বয়সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ‘এইট পাশ ” বিজেপি বিধায়ক স্বপন মজুমদার

৪১ বছর বয়সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ‘এইট পাশ ” বিজেপি বিধায়ক স্বপন মজুমদার

সময় কলকাতা ডেস্ক,১৪ সেপ্টেম্বর :শিক্ষার কোনও বয়স হয় না।একইভাবে, পড়াশোনা করে পরীক্ষা দেওয়ারও যে নির্দিষ্ট কোনও বয়স হয় না তার নিদর্শন আমরা ভুরিভুরি পাই। প্রবীণ নাগরিকরাও অনেক সময় পরীক্ষায় বসেন। সে তুলনায় ৪১ বছর বয়স আর এমন কী! ৪১ বছর বয়সে এসে পরীক্ষা দিতে বসলেন বিধায়ক। বিষয় হল,উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। আর তাঁর পরীক্ষা দেওয়া ঘিরে রীতিমত শোরগোল।  খোঁচা দিতেও ছাড়ছে না তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ।তারা বলছে, “এইট পাশ” বিধায়ক স্বপন মজুমদার  কোন জাদুকাঠির ছোঁয়ায় সরাসরি উচ্চ মাধ্যমিকে বসার সুযোগ পেলেন?

রাজনীতির পাশাপাশি আগে ব্যবসা করতেন। অল্প বয়সেই উপার্জনের রাস্তা বেছে নিয়েছিলেন।তাই গোপালনগরের বাসিন্দা স্বপন মজুমদারের বেশিদুর পড়াশোনা করা হয় নি। পড়াশোনার ইচ্ছে ছিল, সুপ্ত বাসনা ছিল। ফলশ্রুতি,বিধায়কের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া।

এই সময় প্রথাগত ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিক দেয় না। সাধারণভাবে এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। এসময় ডিসটেন্স এডুকেশনের পরীক্ষা হয়। স্বপন মজুমদার  তেমনটাই দিচ্ছেন,মুক্ত বিদ্যালয়ের ডিসটেন্স এডুকেশনের মাধ্যমে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়াচ্ছেন তিনি ।উল্লেখ্য,ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং হল দূরশিক্ষার বা ডিসটেন্স এডুকেশনের জন্য শিক্ষা বোর্ড, যা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত হয়।

বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সাত ভাই কালিতলা হাই স্কুল কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বোর্ডের মাধ্যমে তাঁর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্পর্কে বিজেপি বিধায়ক জানান, গত বছর তিনি তিনটি বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন, এ বছর আরও দুটি বিষয় পরীক্ষা দিচ্ছেন। স্বপন মজুমদারের দাবি শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর কোন বয়স হয় না। তিনি এডুকেশন পরীক্ষা দিয়েছেন, আগামী ১৯ তারিখ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দেবেন। তার পরীক্ষা ভালো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার ইচ্ছা আছে আগামী দিনে তিনি স্নাতক স্তরে পরীক্ষায় বসার । থেমে থাকতে চান না তিনি।

তবুও বিধায়ক বলে কথা, ফলে পরীক্ষার বাইরেও পরীক্ষা থাকে! দু বছর আগেই ২০০৪ ভোটে তৃণমূলের আলোর রানী সরকারকে  হারিয়ে বিধায়ক হওয়া  স্বপন মজুমদারের  রাজনৈতিক পরীক্ষা চলছেই। সুযোগ পেলেই রাজনৈতিক প্রতিপক্ষরা তাই আঘাত হানছে।তৃণমূল তাই স্বপন মজুমদারের উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ প্রশ্ন তুলেছেন যে, বিধায়কের এইট পাশ সার্টিফিকেটও জাল।  তিনি কিভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন? পর্ষদের কাছে তাঁর আবেদন,এই বিষয় নিয়ে তদন্ত হোক। সবমিলিয়ে বিধায়কের পরীক্ষা ঘিরেও চৰ্চা ও চাপান উতোর।

About Post Author