স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ সেপ্টেম্বর: স্বস্তি নিয়েই এশিয়াডে যাচ্ছে ভারতীয় পুরুষ ফুটবল দল। শুক্রবার এশিয়াডের জন্য ভারতীয় দলে যুক্ত হল আরও কয়েকটি নাম। সেই তালিকায় রয়েছেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। দলে সুযোগ পেয়েছেন লাল হলুদের এক ফুটবলার। আরও কয়েকজন ফুটবলারকেও এদিন ভারতীয় দলের সঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত কাণ্ড এশিয়াডে ভারতীয় পুরুষ ফুটবল দল নির্বাচনে। গত বুধবার আসন্ন এশিয়াডের জন্য প্রাথমিক দল ঘোষণা করে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। অধিনায়ক সুনীল ছেত্রী থাকলেও দলে সুযোগ পাননি আর কোনও অভিজ্ঞ ফুটবলার।
https://x.com/IFTWC/status/1702709858368372828?s=20
ইন্ডিয়ান সুপার লিগ ও এএফসি কাপের খেলা থাকায় ফুটবলার ছাড়ার ব্যাপারে অনীহা দেখায় ভারতের প্রথম সারির ক্লাবগুলি। তরুণ ফুটবলারদের নিয়েই এশিয়াডের দল নির্বাচন করা হয়। কিন্তু সেই দলেও দেখা যায় সুযোগ পেয়েছেন মাত্র দুজন স্পেশালিস্ট ডিফেন্ডার। এশিয়াডের মত ঐতিহ্যশালী প্রতিযোগিতায় খেলার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন সমর্থকরা। তারপর নড়েচড়ে বসে ফেডারেশন। শুক্রবার একদিকে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এফএসডিএল কর্তাদের সঙ্গে বৈঠক করেন। অপরদিকে ভারতের কোচ ইগর স্টিমাচ বৈঠক করেন ক্লাবগুলির সঙ্গে।

অবশেষে রফাসুত্র মেলে। প্রথম বৈঠকে ঠিক হয় ইন্ডিয়ান সুপার লিগের ক্রীড়াসূচিতে কিছু বদল করা হবে। আর দ্বিতীয় বৈঠকে ক্লাবগুলি ফুটবলার ছাড়ার ব্যাপারে নমনীয়তা দেখায়। প্রাথমিক দলের সঙ্গে মোট চারজন ফুটবলারকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম জন গোয়া এফসির অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘন, ইস্টবেঙ্গল ডিফেন্ডার লালচুংনুঙ্গা, হায়দরাবাদ এফসির চিংলেংসানা সিং ও জামশেদপুর এফসির যুব গোলরক্ষক বিশাল যাদব। এছাড়াও ইস্টবেঙ্গল উইঙ্গার মহেশ নাওরেম সিংকে পাঠানোর জন্য চেষ্টা করছে ফেডারেশন।

নতুন ফুটবলারদের অন্তর্ভুক্তি নিয়ে খুশি জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ ও অধিনায়ক সুনীল ছেত্রী। ক্রোট কোচ বললেন, “অভিজ্ঞ ফুটবলারদের ছাড়ার জন্য তাঁদের ক্লাবকে ধন্যবাদ। তাঁদের যোগদান দলকে সমৃদ্ধ করবে। খুব ভালো লাগছে।” অধিনায়ক সুনীল বলেছেন, “প্রায় ৯ বছর পর এশিয়ান গেমসে খেলতে যাচ্ছি। জাতীয় দলের কাছে এটা সম্মানের। চিনে তিরঙ্গা পতাকার সম্মান রক্ষার ব্যাপারে আমরা আশাবাদী। দলে দুজন অভিজ্ঞ ফুটবলারকে পাওয়া যাবে ভেবে ভালো লাগছে।”
আরও পড়ুন কোয়েটায় সেনা -জঙ্গি সংঘর্ষে নিহত ৩ জঙ্গি ও ১ সেনা

চিনে পূর্ণ শক্তির দল পাঠিয়ে কোচ অধিনায়কের মত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তিনি বলেছেন, “এশিয়ান গেমসের প্রাক্কালে এটি প্রকৃতপক্ষে একটি ইতিবাচক অগ্রগতি। কারণ এশিয়ান গেমসে সুনীল ছেত্রী এবং সন্দেশ জিঙ্ঘনের নির্ভরযোগ্য জুটি ভারতীয় আক্রমণ এবং প্রতিরক্ষায় দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা খুশি আরও কিছু অভিজ্ঞ ফুটবলার দলের সঙ্গে যাচ্ছে। তাঁদের যোগদান আসন্ন এশিয়াড অভিযানে দলকে আরও শক্তিশালী করবে।”


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার