Home » সংসদের বিশেষ অধিবেশনের আগে নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন উপরাষ্ট্রপতির

সংসদের বিশেষ অধিবেশনের আগে নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন উপরাষ্ট্রপতির

সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বরঃ ১৮ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। বিশেষ অধিবেশনের আগেই রবিবার নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করলেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এদিন সংসদ ভবনে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। যদিও এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদ ভবনে দেখা যায়নি। অনুষ্ঠান পর্বের শেষে সর্বদলীয় বৈঠক রয়েছে বলেই জানা গিয়েছে। এই বৈঠকে বিরোধী দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়ছে। তবে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলেই সূত্রের খবর। সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সূত্র মারফত জানা গিয়েছে, সংসদের বিশেষ অধিবেনের মূল অ্যাজেন্ডা সম্পর্কে বিস্তারিত আলচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। জানা গিয়েছে, এই বিশেষ অধিবেশনে ‘ইন্ডিয়া’ নাম বদল করে ‘ভারত’ করে মাস্টারস্ট্রোক দেবে মোদি সরকার। এখন যতদিন না বিশেষ অধিবেশন শুরু হচ্ছে ততদিন এবিষয়ে জল্পনা জিইয়ে থাকবে বলে মত সংশ্লিষ্ট মহলের। যদিও সংসদের এই বিশেষ অধিবেশনের আলোচ্য বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছিল। অবশেষে গত বুধবার সংসদের বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা প্রকাশ করে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, লোকসভা এবং রাজ্যসভায় দুটি করে গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। যার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল থাকবে। এছাড়াও থাকবে অ্যাডভোকেটস বিল, ২০২৩, দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব পিরিওডিকালস বিল, ২০২৩ এবং পোস্ট অফিস বিল, ২০২৩।

আরও পড়ুন    চলে গেলেন লেখিকা – চলচ্চিত্র নির্মাতা এবং নবীন পট্টনায়কের দিদি গীতা মেহেতা

জানা গিয়েছে,সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিন, লোকসভায় ৭৫ বছরের সংসদীয় যাত্রার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যেখানে কিনা সংবিধান সভা থেকে শুরু করে এখনো পর্যন্ত সংসদের নানা সাফল্য, অভিজ্ঞতা, স্মৃতি এবং শিক্ষা নিয়ে আলোচনা হবে। প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন নতুন সংসদ ভবনে বসবে। আর সেদিন থেকেই নয়া সংসদ ভবনের কর্মীদের পোশাকও বদলে যাবে বলেই জানা গিয়েছে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। জানা গিয়েছে,নতুন ভবনে বিভিন্ন কাজে যুক্ত কর্মচারীদের পোশাকের ডিজাইন আলাদা হতে চলেছে। সংসদ কর্মীদের ইউনিফর্ম ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিকে। সূত্রের খবর, সংসদের পুরুষদের জন্য থাকবে ক্রিম রঙের শার্ট ও খাকি প্যান্ট। আর মহিলাদের জন্য জামা ও শাড়িতে পদ্মফুল আঁকা থাকবে। কেননা পদ্ম বিজেপির দলীয় এবং নির্বাচনী প্রতীক। অন্যদিকে, খাকি প্যান্ট হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের পোশাক হিসাবে বিখ্যাত। এছাড়াও সংসদের দুই কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার মার্শালদের মাথায় মণিপুরি টুপি শোভা পাবে বলেও জানা গিয়েছে।

About Post Author