Home » একদিনের ক্রিকেটে এক ম্যাচে শতরান ও পাঁচ উইকেট! জানেন এই বিরল কৃতিত্ব রয়েছে রয়েছে কোন কোন ক্রিকেটারদের? 

একদিনের ক্রিকেটে এক ম্যাচে শতরান ও পাঁচ উইকেট! জানেন এই বিরল কৃতিত্ব রয়েছে রয়েছে কোন কোন ক্রিকেটারদের? 

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ সেপ্টেম্বর: “রেকর্ড সব সময় তৈরি হয় ভাঙার জন্য। সে যে রেকর্ড হোক না কেন।” বিখ্যাত উক্তিটি করেছিলেন মার্কিন সাঁতারু ও ‘দ্যা মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান অফ অল টাইম’ মাইকেল ফেল্পস। যদিও ক্রীড়াজগতে এমন কয়েকটি নজির রয়েছে যেগুলির ভাগিদার হওয়ার সৌভাগ্য হয়েছে গুটিকয়েক ক্রীড়াবিদের। একদিনের ক্রিকেটের এক ম্যাচে শতরান ও পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড তার মধ্যে অন্যতম।

১৯৭২ সালে সরকারিভাবে একদিনের ক্রিকেট খেলা শুরু হয়। তারপর কেটে গিয়েছে প্রায় অর্ধ শতাব্দীর বেশি সময়। ক্রিকেটে রেকর্ড ভাঙা-গড়ার ঘটনা প্রায় দেখা গিয়েছে। তবে এই রেকর্ডটি এখনও পর্যন্ত স্পর্শ করেছেন মাত্র ৫ জন ক্রিকেটার। চলুন দেখে নেওয়া যাক তাঁদের তালিকা…

৫. বাস ডে লিড: পঞ্চম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার বাস ডে লিড। চলতি বছরের জুলাই মাসে বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডস মুখোমুখি হয় স্কটল্যান্ডের। ওই ম্যাচে প্রথমে বল হাতেও ১০ ওভার হাত ঘুরিয়ে ৫২ রান দিয়ে নেন ৫ উইকেট। পরে ব্যাট হাতে ৯২ বলে ১২৩ রান করেন লিড।

৪. আমেলিয়া কের: এই তালিকায় পুরুষদের পাশাপাশি রয়েছে এক মহিলা ক্রিকেটারের নাম। একমাত্র মহিলা হিসেবে এই রেকর্ডটি রয়েছে নিউজিল্যান্ডের আমেলিয়া কেরের। আয়ারল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে এই অনন্য নজির গড়েন আমেলিয়া। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৪৪০ রান তোলে। তারমধ্যে আমেলিয়া ২৩২ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচে বল হাতেও দারুণ সফল হন এই কিউয়ি ক্রিকেটার। মাত্র ১৭ রান দিয়ে নেন ৫ টি উইকেট। ৩০৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।

৩. রোহন মোস্তাফা: সংযুক্ত আরব আমিরশাহীর ক্রিকেটার রোহন মোস্তাফা এই রেকর্ডের অধিকারী। ২০১৭ সালে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে দ্বি-দেশীয় সিরিজের শেষ ম্যাচে এই রেকর্ড করেন রোহন। আবু ধাবির ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫১ রান তোলে সংযুক্ত আরব আমিরশাহী। ১২৫ বলে ১০৯ রান করেন রোহন। ওই ম্যাচে বল হাতেও ২৫ রানে ৫ উইকেট নেন তিনি।

আরও পড়ুন: পেত্রাতোসের জোড়া গোল, ওড়িশাকে হারিয়ে এএফসি কাপে অভিযান শুরু মোহনবাগানের

২. পল কলিংউড:

 

বিশ্বে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার পল কলিংউড। ২০০৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট সিরিজের খেলায় ১১২ রানে অপরাজিত ছিলেন পল। পাশাপাশি বল হাতেও ৩১ রান দিয়ে নিয়েছিলেন ৬ টি উইকেট। এক ম্যাচে সেঞ্চুরি ও ৬ উইকেট নেওয়া তিনিই প্রথম ও একমাত্র ক্রিকেটার।

১. স্যার ভিভ রিচার্ডস:

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী স্যার ভিভিয়ান রিচার্ডস। ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন তিনি। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৩৭ রান। স্যার ভিভ একাই করেছিলেন ১১৯ রান। ওই ম্যাচে বল হাতেও ভেল্কি দেখিয়েছিলেন তিনি। তাঁর বোলিং দাপটে ১৪২ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

আগামী মাসে ভারতে শুরু হচ্ছে আইসিসির ত্রয়োদশ ক্রিকেট বিশ্বকাপের আসর। বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলিতে রয়েছে তাবড় তাবড় অলরাউন্ডাররা। এই বিশ্বকাপে কি কোনও ক্রিকেটার এই রেকর্ড ছুঁতে পারবেন? উত্তর মিলবে সময়ে…

About Post Author