স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ সেপ্টেম্বর: বড় ব্যবধানে জয় দিয়ে এএফসি কাপে অভিযান শুরু মোহনবাগানের। মঙ্গলবার ভুবনেশ্বররে ওড়িশা এফসিকে হারালেন জুয়ান ফেরান্দোর ছেলেরা। সবুজ মেরুনের হয়ে জোড়া গোল অজি তারকা দিমিত্রি পেত্রাতোসের। সব মিলিয়ে ইন্ডিয়ান সুপার লিগের আগে চেনা মেজাজে পাওয়া গেল গঙ্গাপাড়ের ক্লাবকে।

চলতি বছর শুধু ইন্ডিয়ান সুপার লিগ নয়, এএফসি কাপেও ভালো ফল করা লক্ষ্য মোহনবাগানের। সেই মত বছরের শুরুতে দল তৈরি করেছে সবুজ মেরুন শিবির। দলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপার, ইউরো কাপারদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন জাতীয় দলের তারকা ফুটবলাররা। ভালো দল গড়ার ফলও মিলেছে। গত মাসে ইস্টবেঙ্গলকে হারিয়ে ঘরে ঢুকেছে ডুরান্ড কাপ। সেই ধারা যে আগামী মরশুমে দেখা যাবে টের পাওয়া গেল মঙ্গলবার। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের গ্রুপ পর্বের খেলায় ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান।
আরও পড়ুন ক্যান্সারের মোকাবিলা করার প্রচার থামল ৩৫ বছরে, বিদায় বাস্তবের ‘আনন্দ’ নিকি নিউম্যান

ধারে ভারে মোহনবাগানের থেকে খুব পিছিয়ে নেই ওড়িশার দলটি। দলে রয়েছেন সের্গিও লোবেরার মত পোড়খাওয়া কোচ। তবু প্রথম ম্যাচ বেশ বড় ব্যবধানেই জিতল জুয়ান ফেরান্দোর দল। শুধু জিতল না। গোটা ম্যাচের আধিপত্য ছিল মোহনবাগানের দখলে। গোটা ম্যাচে ৬৪ শতাংশ বল ছিল হুগো বুমো, অনিরুদ্ধ থাপাদের পায়ে। তবু কাঙ্ক্ষিত গোলের সন্ধানে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হল মোহনবাগানকে। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেও কাজের কাজটি করতে পারেননি সাদিকু, পেত্রাতোসরা। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওড়িশার ডিফেন্ডার মুর্তাদা ফল। এরপর ১০ জনের ওড়িশাকে পেয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় কলকাতার অন্যতম প্রধান ক্লাব।

দ্বিতীয়ার্ধের শুরুতে মোহনবাগানকে এগিয়ে দেন সাহাল। বক্সের কিছুটা ভেতর থেকে জোড়ালো শট নেন তিনি। অমরিন্দর সিং ডানদিকে শরীর ছুঁড়েও বলের নাগাল পাননি। দ্বিতীয় গোলটি করেন পেত্রাতোস। সাহালের শট অমরিন্দর তালুবন্দি করতে ব্যর্থ হলে ফিরতি শটে গোল করেন দিমি। তৃতীয় গোলটি করেন লিস্টন কোলাসো। ম্যাচের শেষ ও দর্শনীয় গোলটি করেন সেই পেত্রাতোস। চিপ করে গোল কিপারের মাথার উপর থেকে বল জড়িয়ে দেন জালে। রাত পোহালেই শুরু এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। আগামী শনিবার নিজেদের প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। প্রতিপক্ষ পঞ্জাব এফসি। তার আগে এই জয় মোহনবাগানের আত্মবিশ্বাস যে নিঃসন্দেহে কয়েকগুণ বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত