সময় কলকাতা ডেস্ক, ২২ সেপ্টেম্বরঃ গরু পাচার মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন কেঁচো খুড়তে গিয়ে কেউটে বেড়িয়ে আসছে। এসবের মাঝেই এবার অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে শর্তসাপেক্ষে জামিন দিল দিল্লি হাইকোর্ট। এর আগে বহুবার মণীশ কোঠারির জামিন খারিজ হয়ে যায়। শুক্রবার ফের দিল্লি হাইকোর্টে মণীশের জামিনের আবেদনের শুনানি ছিল। এদিন শুনানি শেষে বিচারপতি অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারির আবেদন মঞ্জুর করেন। গরু পাচার মামলায় এই প্রথম কেউ জামিন পেলেন। সূত্রের খবর, পুজোর আগে গরু পাচার মামলায় অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের জামিন মিলবে না। ফলে এবারের দুর্গাপুজো তিহাড় জেলেই কাটাতে হবে বাবা-মেয়েকে। তবে কী মণীশের জামিন পরেই অনুব্রত ও তাঁর মেয়ের জামিনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে? তা নিয়ে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন।

উল্লেখ্য, গত ১৪ মার্চ দিল্লিতে ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন মণীশ। এরপর গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ১৪ মার্চ মণীশ সহ ১২ জনকে দিল্লিতে তলব করেছিল ইডি। দিনভর জেরার পর মণীশকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডি হেফাজত শেষে তিহাড় জেলেই ঠাঁই হয়েছিল অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষকের। এদিকে, গত সোমবারই গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের প্রেক্ষিতে সিবিআইকে নোটিস ধরিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর এজলাসে এই মামলার শুনানি ছিল। গরু পাচার মামলার তদন্ত কোন পর্যায়ে আছে, তা জানতেই এদিন সিবিআইকে নোটিস জারি করল শীর্ষ আদালত।
আরও পড়ুন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটির তালিকা তৈরি রাজ্যপালের
এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের আইনজীবী মুকুল রোহতগি বলেন, ‘ গরু পাচার মামলায় এখনও পর্যন্ত পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। এই মামলায় জড়িত অনেকেই জামিন পেয়ে গিয়েছেন। এমনকী এই মামলায় প্রধান ‘কিংপিন’ জামিন পেয়ে গিয়েছেন। শুধুমাত্র অনুব্রত মণ্ডলই ১৪ মাস ধরে জেলে আছেন। তাই অনুব্রতকেও জামিন দেওয়া হোক।’ গত শুক্রবারই গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি পিছিয়ে যায়। কিছুদিন আগেই সিবিআইয়ের গ্রেফতারির দাবিতে জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদির এজলাসে এই মামলার শুনানি ছিল। কিন্তু, এদিন আদালতের থেকে সময় চেয়ে নেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরাই। সুপ্রিম কোর্টে কি স্বস্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল? ইতিমধ্যেই তা নিয়ে উঠছে প্রশ্ন।


More Stories
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ