অমিত পাল,সময় কলকাতা , ২ অক্টোবর : ধর্মীয় সহিষ্ণুতা এখন বিভিন্ন দেশেই বড় প্রশ্ন। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ-প্রশাসনকে জেরবার হতে হয়। পুলিশ প্রশাসন ও সরকারের তৎপরতা সত্ত্বেও বেশ কিছু ঘটনা সাম্প্রদায়িক ঐক্যে আঘাত আনে, বিভিন্ন জায়গার সংখ্যালঘুরা আহত হন। বাংলাদেশেও উৎসবের দিনে অনভিপ্রেত ঘটনা প্রায়শই ঘটে, বিশেষ করে বাংলাদেশে দুর্গাপূজোর সময় বেশ কিছু টুকরো টুকরো অশান্তির ছবি সামনে আসে। এবার সরকার ও পুলিশ অশান্তি রুখতে আগেভাগে প্রস্তুত । দুর্গাপুজো পালনের সময় সনাতন ধর্মাবলম্বীদের পুজো আয়োজন ও উদযাপনে সমস্যা না হয় তার জন্য এবার অতিমাত্রায় তৎপর হতে চলেছে বাংলাদেশের সন্ত্রাস দমনের বাহিনী – ৱ্যাব (ৱ্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়েন )।
দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছে ৷ বাংলাদেশও বিভিন্ন গ্রামে ও শহরে পুজোর তোড়জোড় চলছে মন্ডপে মন্ডপে ৷ ক’দিন বাদেই সেজে উঠবে পুজো মন্ডপ ৷ ফি-বছরই শারদীয় উৎসবকে নিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক অশান্তির ষড়যন্ত্রে একটি চক্র তৎপর হয়ে ওঠে ৷ এদিকে ভোটও আসন্ন ৷ তাই এসব রুখতে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন ৷ নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনে ঢাকায় ‘জান-মালের নিরাপত্তা’ জোরদার করল এলিট ফোর্স ৱ্যাব ৷ ঢাকায় র্যাবের বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। পুজোর সময় সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হুশিয়ার করল এই বিশেষ বাহিনী । পাশাপাশি ঢাকার বাইরে সারাদেশের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমও অব্যাহত রয়েছে।
অতি সম্প্রতি,সেপ্টেম্বরের ১৪ তারিখ, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, পুজোর সময়ে প্রায় বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। সেসব যাতে আর না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সব পক্ষকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সবমিলিয়ে দুর্গাপুজোর আবহে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও অশান্তি রুখতে বিশেষ সতর্ক পুলিশ প্রশাসন ।।
আরও পড়ুন :উত্তরপ্রদেশ : মেয়ের ইভটিজিং-এর প্রতিবাদ করে খুন হলেন বাবা


More Stories
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?