Home » চাপের মুখেও দুরন্ত প্রত্যাবর্তন, চিপকে ভারতের অস্ট্রেলিয়া বধে নায়ক বিরাট ও রাহুল জুটি

চাপের মুখেও দুরন্ত প্রত্যাবর্তন, চিপকে ভারতের অস্ট্রেলিয়া বধে নায়ক বিরাট ও রাহুল জুটি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ অক্টোবর: দুরন্ত প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়াকে (Australia Cricket Team) হারিয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) অভিযান শুরু করল ভারত (India Cricket Team)। রবিবার চেন্নাইয়ের চিপকে (Chepauk) অস্ট্রেলিয়াকে ৬ কেটে হারালেন রোহিত শর্মারা (Rohit Sharma)। প্রথমে ব্যাট করে ১৯৯ রানের শেষ হয়ে যায় ব্যাগি গ্রিনদের ইনিংস। জবাবে ৪ উইকেট হারিয়ে ৪১.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

আরও পড়ুন   ইজরায়েল-হামাস যুদ্ধে নিহতের সংখ্যা হাজার ছাড়াল

“দ্বিতীয় ইনিংসে পিচ আরও মন্থর হবে। মন্থর পিছে ভয়ংকর হয়ে উঠবেন বোলাররা।” ম্যাচ শুরুর আগে চিপকের পিচ নিয়ে সতর্ক করেছিলেন প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রীর করা ভবিষ্যৎবাণী যে নির্ভুল ছিল তার টের পাওয়া গেল ভারতের ইনিংসে। প্রথম ২ ওভারে ৩ উইকেট হারিয়ে বেশ বেকায়দায় পরে যায় ভারত। একে একে প্যাভেলিয়ানে ফিরে গিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান। চার নম্বরে নেমে দ্রুত ফেরেন শ্রেয়স আইয়ারও। রবিবার এঁদের তিনজনের মধ্যে একটাই মিল। কেউই রানের খাতা খুলতে পারেননি। স্টার্ক-হেজেলউডদের আগুনে বোলিংয়ের সামনে অসহায় দেখাচ্ছিল বহু চর্চিত টপ অর্ডারকে।

একটা সময় মনে হয়েছিল ঘরের মাটিতে হেরেই বিশ্বকাপ অভিযান শুরু করতে হবে রোহিতদের। ভারতীয় গ্যালারি জুড়ে তখন শুধুই নিস্তব্ধতা। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। বড় শটের পরিবর্তে, ছোট ছোট শট খেলে দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে গেলেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। এই জুটির ইনিংসকে লাইফ লাইন দেন মিচেল মার্শ। কামিন্সের বলে কোহলির ক্যাচ ফস্কান মার্শ। তারপর অস্ট্রেলিয়াকে আর সুযোগই দিলেন না দুই ব্যাটার। দুজনেই নিজেদের অর্ধশত রান পূর্ণ করলেন। দেখে মনে হচ্ছিল ম্যাচ শেষ করেই ফিরবেন। বিরাট কোহলিকে বলা হয় রান তাড়া করার মাস্টার। এই ম্যাচে ফের তা প্রমাণ পাওয়া গেল। তবে ম্যাচ শেষ করে ফেরা হল না তাঁর। রাহুল-কোহলির ১৬৫ রানের জুটি অবশেষে ভাঙলেন জশ হ্যাজেলউড। তাঁর বলে ৮৫ রান করে ফিরলেন বিরাট। তখন অবশ্য জয়ের গন্ধ পৌঁছে গিয়েছে ভারতের ড্রেসিং রুমে। অনেকটা চাপ মুক্ত হয়ে মাঠে নামলেন হার্দিক। শেষদিকে অজি বোলারদের জুজু কাটিয়ে বড় শটও খেললেন রাহুল ও হার্দিক। রাহুল অপরাজিত রইলেন ১১৫ বলে ৯৭ রান করে। হার্দিকের অবদান ৮ বলে ১১ রান।

টসে জিতে প্রথমে ব্যাটিং করে ১৯৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের দাপটে বড় রান করতে পারেননি কোনও অজি ব্যাটার। অধিনায়ক স্মিথ ৪৬ ও ওয়ার্নার ৪১ রান করেন। শেষের দিকে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক কিছুটা লড়াই করেছিলেন। এর থেকেও কম রানে অস্ট্রেলিয়াকে রুখে দিতে পারতেন রোহিতরা। কিন্তু একাধিক সহজ ক্যাচ ছাড়েন ভারতীয় ফিল্ডাররা। ভারতের হয়ে এদিনের সফলতম বোলার রবীন্দ্র জাদেজা। ১০ ওভার হাত ঘুরিয়ে ২৮ রানে নিলেন ৩ টি উইকেট। কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা দুজনেই নিলেন ২ টি উইকেট। এছাড়াও একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন ও হার্দিক পান্ডিয়া।

About Post Author