সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবরঃ পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। আজ মহালয়া। আর মহালয়া মানেই পুজোর ঢাকে কাঠি পড়া। মহালয়া মানেই তর্পণ। শনিবার সকাল থেকেই তর্পণের ভিড় জমেছে গঙ্গার ঘাটগুলিতে। মহালয়ার পুণ্য লগ্নে পূর্বপুরুষদের আত্মার শান্তিকামনার রীতি বহু যুগ ধরেই আমাদের এই সমাজে চলে আসছে৷ পূর্বপুরুষকে ভক্তিভরে পিণ্ডদানের মাধ্যমে তাঁদের আশীর্বাদ পাওয়ার আশায় মহালয়ার দিন প্রতিটি গঙ্গার ঘাটে চলে তর্পণের রীতি৷ মহালয়ার দিনেই দেবীর চক্ষু দান হয়। দক্ষিণেশ্বর থেকে শুরু করে বাগবাজার, কুমারটুলি, আহিরিটোলা,বাবুঘাট —প্রত্যেক বছরের মতো এবছরেও তর্পণ করতে সকাল থেকেই ভিড় জমেছে কলকাতার বিভিন্ন ঘাটে। প্রতিবছরের মতো এবছরেও অগণিত ভক্তরা এসেছেন দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। বহু মানুষ গঙ্গার ঘাটে তর্পণ করছেন। ঘাটগুলিতে ভিড় ছিল নজরে পড়ার মতো।

কলকাতার সব ঘাটে সকাল থেকেই তর্পণের জন্য পড়েছে লম্বা লাইন। বিভিন্ন জেলার ঘাটগুলির চিত্রও একই রকম। তর্পণ করতে এসে যাতে কোনও রকমের দুর্ঘটনা না ঘটে, সে দিকে কড়া নজর রয়েছে কলকাতা পুলিশের। সিসিটিভি ক্যামেরা এবং ভিডিওগ্রাফির মধ্য দিয়ে গোটা বিষয়টির উপর নজরদারি চালানো হচ্ছে। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নদীপথে টলহদারি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদেরও। থাকছেন প্রশিক্ষিত ডুবুরিরাও। ঘাট সংলগ্ন একাধিক রাস্তায় সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে পণ্যবাহী যান চলাচল। ভোর থেকেই করা হচ্ছে মাইকিং। ড্রোন ক্যামেরার মাধ্যমে ঘাটে ঘাটে চলছে নজরদারি। মোতায়েন করা হয়েছে অ্যাম্বুল্যান্স এবং মেডিক্যাল টিম। পুলিশের পক্ষ থেকে কিছু অস্থায়ী ক্যাম্পও গড়ে তোলা হয়েছে।
আরও পড়ুন মহালয়ার দিন কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষ্যে ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তের রাস্তাঘাট এবং পুজামন্ডপের প্রস্তুতি খতিয়ে দেখেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শহরের পুজামন্ডপগুলি যথাযথ নিয়ম-কানুন মেনে করা হয়েছে কিনা এবং সেখানে আর কি কি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে, শুক্রবার কলকাতা পুলিশের একাধিক শীর্ষ কর্তাকে সঙ্গে নিয়ে সে বিষয়গুলিও খতিয়ে দেখেন কলকাতার মেয়র। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সুন্দর এবং নির্বিঘ্নে যাতে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যেই এই উদ্যোগ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। এদিন শহর পরিদর্শনে তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল থেকে এই পরিদর্শন শুরু করে মধ্য কলকাতা হয়ে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে রাস্তাঘাট ও পুজামন্ডপ পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!