সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবরঃ টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এবার আরও চাপ বাড়ল মহুয়ার। যে ব্যবসায়ীর হয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আদানি গোষ্ঠীকে চাপে ফেলতে চেয়েছেন বলে অভিযোগ উঠেছে, তা মেনে নিয়েছেন সেই ব্যবসায়ী দর্শন হীরানন্দানি। ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে মহুয়াকে সাংসদ পদ থেকে সাসপেন্ড করার আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, মহুয়া মুম্বইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে, সংসদে গৌতম আদানি ও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে লাগাতার প্রশ্ন তুলে গেছেন।
আরও পড়ুন ধানবাদের পর দুর্গাপুর! ফের ইসিএলের কয়লাখনিতে ধস
মহুয়ার প্রাক্তন বয়ফ্রেন্ড জয় অনন্ত দেহাদরাইয়েরও অভিযোগ, আদানির বিরুদ্ধে মহুয়া ও দর্শন হীরানন্দানি অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন। এবার মামলা সিবিআই ও সংসদের এথিক্স কমিটি পর্যন্ত গড়িয়েছে দেখে, দর্শন হীরানন্দানি একপ্রকার রাজসাক্ষী হয়ে গেলেন। শুধু তা নয়, মহুয়ার সঙ্গে তাঁর সম্পর্কের ইতিবৃত্ত হলফনামা প্রকাশ করে জানিয়ে দিলেন। হীরানন্দানি দাবি করেছেন, মহুয়া অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। সে জন্যই নরেন্দ্র মোদিকে আক্রমণ করাকে সহজ রাস্তা হিসাবে বেছে নিয়েছিলেন মহুয়া। মোদিকে নিশানা করার জন্যই গৌতম আদানি ও আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ‘হাত ধুয়ে’ লেগে পড়েন মহুয়া। দর্শনের দাবি, মহুয়া তাঁকে জানিয়েছিলেন যে তাঁকে দু’বার রাজ্যসভায় প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন। কারণ, তিনি লোকসভার সাংসদ হতে চাইছিলেন।
আরও পড়ুন ধানবাদের পর দুর্গাপুর! ফের ইসিএলের কয়লাখনিতে ধস
দর্শন আরও দাবি করেছেন যে মহুয়া জানতেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাঁর কোম্পানির সঙ্গে সমঝোতায় না গিয়ে গৌতম আদানির ধর্মা এলএনজি-র সঙ্গে চুক্তি করতে চলেছে। এ ব্যাপারে সংসদে মোদি সরকারকে বিব্রত করতে প্রশ্ন তুলতে চাইছিলেন মহুয়া। তাই একটা প্রশ্ন খসড়া করে পাঠান। সেই সঙ্গে তাঁর সংসদের ইমেল আইডি পাঠান, যাতে তিনি প্রশ্ন চূড়ান্ত করে মহুয়াকে পাঠাতে পারেন। প্রথম প্রশ্ন গুচ্ছ সংসদে ওঠার পর মহুয়াকে অনেকে তারিফ করেন। তাতে মহুয়া আরও উৎসাহিত হন। এর পর মহুয়া তাঁকে বলেন, আদানির ব্যাপারে আরও প্রশ্ন পাঠাতে। তখনই লোকসভার ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড মহুয়া তাঁর সঙ্গে শেয়ার করেছেন বলে হীরানন্দানির দাবি। মুম্বইয়ের শিল্পপতির এই হলফনামা প্রসঙ্গে মহুয়া অবশ্য এখনও মুখ খোলেনি। তবে হীরানন্দানির হলফনামা দিল্লির রাজনৈতিক বৃত্তে শোরগোল ফেলে দিয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?