সানি রায় ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা ,২৩ অক্টোবর : ” ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।/নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।। “ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র আর কলিযুগে রাজা কংসনারায়ণ দুর্গা পুজোর আরাধনা করেছিলেন। বর্তমানে দেবীপক্ষে আপামর বাঙালি মেতে ওঠে দুর্গাপুজোর উৎসব উদযাপনে।শান্তি-শ্রদ্ধা দয়া ভক্তির প্রতীক মা দুর্গা। দেবীপক্ষে মৃন্ময়ী মূর্তির আরাধনা হলেও দেবী রয়েছেন মর্ত্যলোকের প্রতিটি ঘরে। প্রতিটি সফল কর্মযজ্ঞের পেছনে রয়েছেন রক্তমাংসের দুর্গারা।
মহিলা কবি মল্লিকা সেনগুপ্ত লিখেছিলেন – ” বাংলায় যিনি কালিকা এবং ব্রজের কাত্যায়নী / শুক্লপক্ষে যিনি একাদশী কৃষ্ণপক্ষে নবমী / সর্বজনীন খিদে যার পেটে সব সাগরের তৃষ্ণা / ঘরে যে ঘরণী পথে ভিখারিনী নারীগর্ভের কন্যা,/ অফিসে কর্ত্রী, বিমান চালিকা, মহাগ্রন্থের লেখিকা, জাগো জাগো দেবী হে মহামানবী ” ভারতের প্রথম মহিলা বিমান চালক সরলা ঠাকরাল, ভারতের প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা যাদব, ভারতের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালক এম বীরলক্ষী দুর্গা হয়ে জেগে থাকেন আমাদের ঘর-গেরস্থালি জুড়ে, তাঁরাই যান বাহন চালান, সংসার চালান। তাঁরা রাজ্যপাট চালান,তাঁরা অফিস কোর্ট কাছারি চালান,তাঁরা দোকান চালান, তাঁরা আবার পরিবার চালান আর বছরের ৩৬৫ দিন দুর্গা হয়ে জেগে থাকেন।তেমনই এক দুর্গার নাম সুপর্ণা মন্ডল। ডুয়ার্সের বানারহাটের সাঁকোঝোরার সুপর্ণা মন্ডল। বছর ৪৫-এর সুপর্ণা টোটো চালিয়ে জীবনের চড়াই উতরাই সফল ভাবে পেরিয়ে আপন বলে দুর্গা।

সীতা থেকে খনা,শাহবানু থেকে সুপর্ণা মন্ডল – স্বামীর ঘরে সম্মান জোটে নি দুর্গাদের। তাতে কি? কন্যা মহাশ্বেতাকে এক বছর বয়স থেকে কায়িক পরিশ্রম করে, অবশেষে ঋণ করে টোটো কিনে মেয়েকে উচ্চশিক্ষার দোরগোড়ায় নিয়ে এসেছেন।
দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণা মহাশ্বেতা জানে মায়ের জীবন সংগ্রামে ভরা এবং বিপদ সংকুল। দুর্গাপুজোর দিনে, উৎসব মুখর দিনে মেয়ে থাকে আশঙ্কায়।তবুও তার মা ত্রিশূলের বদলে টোটোর হ্যান্ডেল ধরেছেন ।দুর্গার এক রূপ সুপর্ণা, ” মহারণে প্রস্তুত সে মানবীর মন খুব দৃঢ “। তাই সুপর্ণা জানেন টোটো যে তাঁর আলোর পথে উত্তরণের বাহন।
” ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা”।এই দেবীও শক্তির প্রতীক। এই রক্তমাংসের দুর্গা উত্তরবঙ্গের ব্যস্ততম ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলেন তিনি হয়ে ওঠেন মাটির দুর্গাদের প্রেরণা। দেবীপক্ষে মৃন্ময়ী মূর্তির আরাধনা লগ্নে শুধু নয়, বছরভর সুপর্ণা মন্ডলরা দুর্গা হয়ে জেগে থাকেন শহর-নগর, গ্রাম-গঞ্জের প্রান্তরে, মাঠে, পথে – ঘাটে। টোটোর সুপর্ণা মন্ডল দুর্গা বই-কিছু নন, হতে পারেন না।
কবির ভাষায়, “বিশ্ব চরাচরে যখন অশুভ অন্ধকার নামে তখন সেই দারুণ মুহূর্তে আমরা ভীত সন্ত্রস্ত আক্রান্ত জনসাধারণ সেই মহাদেবী মহামানবী, পরমা ক্ষমতার আবাহন করি। লৌকিক থেকে অলৌকিকে বচন থেকে অনির্বচনীয়ে, মাটি পৃথিবী থেকে দিব্য লোকে, সাধারণ থেকে ভক্ত জনে, মানবী থেকে দেবীত্বে আমাদের যাত্রা শুরু হয়। দুর্গা আসেন পৃথিবীতে। ‘মানবীরা দুর্গার রূপেই আসেন। মর্ত্যলোকে আসেন সুপর্ণা মন্ডলরা, যারা জীবন যুদ্ধে জয়ের লক্ষ্যে এগিয়েই যেতে থাকেন ।।


More Stories
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
দেবীপ্রতিমা তৈরীর মাটি সংকট কাটল মুখ্যমন্ত্রীর উদ্যোগে
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা