Home » জেলায় জেলায় দুর্গাপুজো কার্নিভাল! পূর্ব মেদিনীপুরে জোরকদমে চলছে প্রস্তুতি

জেলায় জেলায় দুর্গাপুজো কার্নিভাল! পূর্ব মেদিনীপুরে জোরকদমে চলছে প্রস্তুতি

সময় কলকাতা ডেস্ক, ২৫ অক্টোবর: দশমী পেরিয়ে গেলেও কলকাতায় পুজোর আমেজ এখনও রয়ে গিয়েছে। প্রতি বছরের মতো এবারও ধুমধাম করে আয়োজিত হবে পুজোর কার্নিভাল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে ইনট্যানজিবল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। সেই উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতেই রাজ্য সরকারের পক্ষ থেকে শহর কলকাতার আদলে জেলায় জেলায় পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর জেলায় জেলায় এবং ২৭শে অক্টোবর শহর কলকাতায় অনুষ্ঠিত হবে দুর্গাপুজো কার্নিভাল। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগেও জোরকদমে চলছে প্রস্তুতি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের তমলুকের পুরাতন ডিএম অফিসের সামনে কার্নিভালের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের পুজো কমিটি তাঁদের প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহকারে কার্নিভালে অংশগ্রহণ করবে। জানা গিয়েছে, কার্নিভালের জন্য যাতে সাধারন মানুষকে কোনরকম সমস্যায় পড়তে না হয় তার জন্য জেলা পুলিশ ও প্রশাসমের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

দর্শনার্থীরা যাতে কার্নিভাল চেটেপুটে উপভোগ করতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। রঙিন সাজে সেজে উঠবে রাজ্য সড়ক। তারই প্রস্তুতি দেখতে দফায় দফায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শন করে চলেছেন। অন্যদিকে, জেলাগুলির পাশাপাশি আগামী ২৭ অক্টোবর রেড রোডে দুর্গাপুজো কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় শহরের বড়ো বড়ো পুজো কমিটি গুলি অংশগ্রহণ করবে। আর শোভাযাত্রার শেষে প্রতিমা নিরঞ্জন করা হবে। দুর্গাপুজোর কানিভ্যালের দিন রেড রোডে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি শহরতলির প্রচুর মানুষ বর্ণাঢ্য কার্নিভ্যাল দেখতে রেড রোডে উপস্থিত হবেন। কার্নিভালের জন্য সেজে উঠছে রেড রোড চত্বর। ইতিমধ্যেই, রেড রোড জুড়ে আমন্ত্রিত অতিথি ও সাধারন মানুষের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। ১৮ হাজার আসন তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে দু’টি মঞ্চও। সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন    প্রতিমা নিরঞ্জনে শহরজুড়ে বাড়তি সতর্কতা, ঘাটে ঘাটে কড়া পুলিশি নিরাপত্তা

এছড়া অন্য একটি মঞ্চ করা হচ্ছে, যেখানে আমন্ত্রিত অথিথিদের বসার ব্যবস্থা করা হচ্ছে। শুধু শহর কলকাতাতেই নয়, জেলাগুলিতেও চলছে কার্নিভালের প্রস্তুতি। এদিকে, রেড রোডে দুর্গাপুজো কার্নিভ্যালের দিনও যাত্রীদের বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। দর্শনার্থীদের বাড়ি ফিরতে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেট্রোর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ২৭ অক্টোবর অর্থাৎ শুক্রবার ২৩৪টি মেট্রোর পরিবর্তে ২৫২ মেট্রো চলবে। শেষ মেট্রো ছাড়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, কার্নিভ্যালের দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত পাওয়া যাবে। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ১১টা ১০ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। একইসঙ্গে ২৭ অক্টোবর অর্থাৎ কার্নিভ্যালের দিন কলকাতায় মোট ১৩টি স্পেশাল বাস চালাবে রাজ্য পরিবহণ দফতর। আর ওই বিশেষ বাসগুলির গতিবিধি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ।

About Post Author