Home » ‘বিশ্বের সেরা’, কার সম্পর্কে অকপট স্বীকারোক্তি প্রাক্তন পাক অধিনায়কের?

‘বিশ্বের সেরা’, কার সম্পর্কে অকপট স্বীকারোক্তি প্রাক্তন পাক অধিনায়কের?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ অক্টোবর: তিনি বিশ্বের সর্বকালের সর্বসেরা জোরে বোলারদের মধ্যে অন্যতম। আট-নয়ের দশকে তাঁর ঝাঁঝাল রিভারসুইং, আউট সুইংকে সমীহ করত ক্রিকেটবিশ্ব। এবার সেই কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আক্রমের (Wasim Akram) গলায় ভারতীয় পেসার সম্পর্কে শোনা গেল ভূয়সী প্রশংসা। কে তিনি?

রবিবার লখনউয়ের একনা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। প্রতিযোগিতায় প্রথমবার প্রথমে ব্যাট করে জয় এসেছে। ২২৯ রানের লক্ষ্যমাত্রা প্রতিরোধ করে জয় পেয়েছে ভারত। মেন ইন ব্লু শিবিরের এই জয়ে উল্লেখযোগ্য ভুমিকা নেন দলের বোলাররা। শামি ৪ টি, বুমরা ৩ টি ও কুলদীপ ২ টি উইকেট নিয়েছেন। এতদিন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কথা চর্চিত হত। এখন ভারতীয় বোলারদের নিয়েও চর্চা হচ্ছে। প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়াকে বলতে শোনা গিয়েছে, ‘ব্যাটাররা আপনাকে ম্যাচ জেতাবে, কিন্তু বোলাররা আপনাকে প্রতিযোগিতা জেতাবে’। ভারত প্রতিযোগিতা জিতবে কিনা তার উত্তর দেবে ভবিষ্যৎ। তবে ভারতীয় বোলারদের সম্পর্কে প্রশংসা শোনা গেল প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রমের গলায়। ভারতের তিন পেসারের মধ্যে যদিও একজনকে বেছে নিয়েছেন ওয়াসিম। তিনি জশপ্রীত বুমরা।

বুমরার বোলিং দেখে মুগ্ধ আক্রম বলেছেন, “কোনও সন্দেহ নেই যে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার বুমরা। ওঁর বোলিংয়ে নিয়ন্ত্রণ, গতি, বৈচিত্র্য তিনটি গুণ রয়েছে। সব মিলিয়ে পরিপূর্ণ জোরে বোলার। দারুণ উপভোগ্য বোলিং করে।” আক্রম আরও যুক্ত করেছেন, “নতুন বলে বুমরা সবসময় বিপজ্জনক। এই ধরনের (লখনউয়ের) পিচেও ভাল গতি বজায় রেখে বল সুইং করাচ্ছে। বল বাউন্স করাচ্ছে ভাল উচ্চতায়। এর থেকেই বোঝা যায় কতটা ভালো মানের বোলার।” আরও একধাপ এগিয়ে আক্রম বলেন, “আমিও অনেক সময় ডানহাতি ব্যাটারদের আউট সুইং বল করার চেষ্টা করতাম। কিন্তু কোনও কোনও সময় বলের নিয়ন্ত্রণ হারিয়ে যেত। বুমরার কিন্তু অনায়াসে নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। আমার স্বীকার করতে অসুবিধে নেই আমার থেকে বুমরার বলের নিয়ন্ত্রণ অনেক ভাল।’’

আরও পড়ুন: আফগান ক্রিকেটারকে ১০ কোটি টাকা অনুদান! কি বলছেন রতন টাটা

বুমরা বোলিং সাফল্যের কারণও ব্যাখ্যা করেছেন প্রাক্তন পাক পেসার। তিনি বলেছেন, “ওঁর বলের লেংথ সাফল্যের অন্যতম কারণ। এমন একটা লেংথে বল করে  যে ব্যাটারের মনে অনিশ্চয়তা তৈরি হয়। একমাত্র পাল্টা চাপ তৈরি করে ওঁকে থামানোর চেষ্টা করা যায়।” এরপর মজা করে আক্রম বলেছেন, “ওর বোলিং স্পাইকগুলো চুরি করে নিতে হবে।” শাহীন শাহ আফ্রিদির থেকে তুলনায় বুমরাকে এগিয়ে রাখলেন আক্রম। কারণ হিসাবে আক্রম বলেছেন, “বুমরা অনেক বেশি টেস্ট খেলেছে। আমাদের বোলারদের টেস্ট খেলার অভিজ্ঞতা কম।” বিশ্বকাপের মধ্যে বর্তমান সম্পর্কে প্রাক্তনের দরাজ সার্টিফিকেট বর্তমানকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মত বিশেষজ্ঞ মহলের।

About Post Author