Home » রেশন দুর্নীতি মামলায় ফের জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ককে তলব ইডির

রেশন দুর্নীতি মামলায় ফের জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ককে তলব ইডির

সময় কলকাতা ডেস্ক, ৫ নভেম্বর: রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে ইডির। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে পাওয়া মেরুন ডায়েরি থেকে একের পর এক তথ্য উঠে আসছে। এছাড়া তিনটি নোটবুকও তদন্তকারী সংস্থার অফিসারদের হাতে এসেছে বলে সূত্রের খবর। কার্যত সেকারণেই এবার রেশন দুর্নীতি মামলায় ফের ইডির অফিসে তলব করা হল বনমন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ককে। সূত্রের খবর, আগামী সোমবার তাঁকে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। মেরুন ডায়েরির লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি ইডির অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন    রেশন দুর্নীতির পর এবার রেশন ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, চাঞ্চল্য মালদায়

যে মেরুন ডায়েরিটি উদ্ধার হয়েছে তাতে লেখা আছে ‘বালুদা’র নাম। সেখানে তারিখ ধরে ধরে কোন দিন কার থেকে কত টাকা এসেছে, সেই টাকা কোথায় জমা রাখা হয়েছে, সেই সংক্রান্ত হিসেব লেখা রয়েছে। এছাড়া আর্থিক হিসেব সংক্রান্ত তিনটি নোটবুকও পাওয়া গিয়েছে বলে সূত্রের দাবি। যদিও মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস নোটবুকের বিষয়ে কিছুই জানেন না বলেই এর আগে সংবাদমাধ্যমে দাবি করেছেন। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু নথি তদন্তকারী অফিসারদের হাতে এসেছে বলে সূত্রের দাবি। সেই তালিকায় অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হওয়া মেরুন ডায়েরিও ছিল। সেখানে প্রচুর লেনদেনের হিসেব লেখা রয়েছে। কোন তারিখে, কার থেকে কত টাকা এসেছে, কোথায় সেই টাকা জমা হয়েছে, সেই সব তথ্য উদ্ধার হওয়া ওই ডায়েরিতে তুলে রাখা আছে বলে ইডি সূত্রের দাবি।

আরও পড়ুন  পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির স্ক্যানারে আরও ১০টি পুরসভা

ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্যদের নামে থাকা দুটি কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। দু’টি কোম্পানি বাঁকুড়ার ঠিকানায় রেজিস্টার্ড বলেই জানা গিয়েছে। গত শুক্রবারই জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক অমিত ইডিকে জানিয়েছিলেন, ওই সংস্থা দুটি থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে ২০ কোটি টাকা সরানো হয়েছিল। এরপরই দুটি কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৬ কোটি টাকা ফ্রিজ করে ইডি। রেশন দুর্নীতির তদন্তে গতি বাড়াতে ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ২০টিরও বেশি মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি। এই মোবাইলগুলি যেমন বনমন্ত্রী ঘনিষ্ঠদের রয়েছে, তেমনই বাকিবুর রহমানের ঘনিষ্ঠদেরও মোবাইলও রয়েছে। ইতিমধ্যেই ওই মোবাইল ডি-কোড করে তথ্যের সন্ধান শুরু করছে কেন্দ্রীয় এজেন্সি। এই মোবাইলগুলির মধ্যেই রেশন দুর্নীতির সমস্ত তথ্য লুকিয়ে রয়েছে বলেই দাবি ইডির।

About Post Author