Home » তপন কান্দু খুনের মামলায় নয়া মোড়, জেলেই মৃত্যু হল এক অভিযুক্তের

তপন কান্দু খুনের মামলায় নয়া মোড়, জেলেই মৃত্যু হল এক অভিযুক্তের

সময় কলকাতা ডেস্ক, ১২ নভেম্বর: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় নয়া মোড়। ঝালদার প্রয়াত কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় জেলেই মৃত্যু হল এক অভিযুক্তের। জেলে থাকাকালীন বন্দি অবস্থায় মৃত্যু হল সত্যবান প্রামাণিক নামে এক অভিযুক্তের। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার সকালে সংশোধনাগারে বিচারাধীন বন্দি থাকাকালীন অবস্থায় অসুস্থ বোধ করেন তিনি। এরপর তাঁকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন   বাকিবুরের থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন জ্যোতিপ্রিয়, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত, গত ১৩ই মার্চ ঝালদা পুরসভার নব নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুস্কৃতকারীরা। এরপর গত ৬এপ্রিল কলকাতা হাইকোর্ট সিবিআই কে এই খুনের মামলার তদন্তের দায়িত্ব দেয়। যদিও তার আগেই রাজ্য সরকার তপন কান্দু খুনের মামলার তদন্তের জন্য সিট গঠন করেছিল। রাজ্য সরকারের গঠিত সিট অনুযায়ী কাউন্সিলর তপন কান্দু খুনে নরেন কান্দু, দীপক কান্দু, আসিফ খান, এবং কলেবর সিং কে গ্রেফতার করে ছিল পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করার পর সত্যবান প্রামানিক নামে এক তৃণমূল নেতা কেও গ্রেফতার করে সিবিআই। এরপর ১৩ জুন ধৃত পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই।

 

যদিও মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু দাবি, ধৃত পাঁচজন ছাড়াও খুনের ঘটনায় আরও অনেকেই যুক্ত রয়েছে। তাঁদের কেনো এখনও পর্যন্ত গ্রেফতার করা হলো না? সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তপন কান্দুর পরিবার সহ কংগ্রেস সমর্থকেরা এই ঘটনায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন। এমনকী এই ঘটনার জেরে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ কে। ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ এই ঘটনায় ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে বলেই দাবি কংগ্রেসের সমর্থকদের। তবে মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু দাবী জানান, ‘সিবিআই তদন্তে ভরসা আছে। সিবিআই এই হত্যাকাণ্ডের বড় মাথাদের ধরুক।‘

About Post Author