সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর: চিংড়িঘাটার বাসন্তী দেবী কলোনি এলাকায় এক যুবককে কাঁচি দিয়ে কোপ মেরে খুনের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা চিংড়িঘাটায়। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে চিংড়িহাটা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত দেড়টা নাগাদ একটি পুজোর শোভাযাত্রায় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের মধ্যে বচসা বাধে। আর সেসময়ই সাহেব আলি নামে এক যুবকের গলায় হঠাৎই কাঁচি চালিয়ে দেয় বিট্টু সর্দার নামের এক যুবক। তাঁকে ঠেকাতে গেলে আরও এক যুবকের উপরও হামলা চালানো হয় বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে শুরু সিবিআই তদন্ত
আহত সাহেব আলিকে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই অভিযুক্ত বিট্টুকে নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার জেরে বিট্টুর বাড়ি সম্পূর্ণ ভাঙচুর করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বিট্টু অতীতেও এরকম নানা ঘটনা ঘটিয়েছে। এমনকী একাধিক কেস তার বিরুদ্ধে রয়েছে। যদিও চিংড়িঘাটার শান্তিনগরের ঘটনার পর থেকেই শনিবার আর কোনও খোঁজ মেলেনি বিট্টুর। রবিবার সকালে আচমকাই বিট্টুকে চিংড়িঘাটা মোড়ের কাছে হাঁটতে দেখেন একদল যুবক। এই খবর চাউর হতেই বিট্টুকে ধরতে ছুটে আসেন এলাকার একদল বাসিন্দা। অভিযুক্ত বিট্টু সর্দারকে চিংড়িঘাটা মোড়ে ঘিরে ধরে বেধড়ক মারধর করে একদল উত্তেজিত জনতা। পুলিশের সামনে বাঁশ, ইট দিয়ে চলে মারধর।
আরও পড়ুন সংসদের শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রের
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। রক্তাক্ত অবস্থায় বিট্টুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গণপিটুনির কারণে তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। এদিন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যে ট্যাক্সিতে করে বিট্টুকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ সেই গাড়িতেও ব্যাপক ভাঙচুর চলানো হয় বলে অভিযোগ। এদিকে, সকাল থেকেই অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গোটা পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন বিধাননগরের সিপি গৌরব শর্মা। সেইসঙ্গে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে এসেছেন। নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসু।


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি