Home » তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘মিগজাউম’, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের সম্ভাবনা

তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘মিগজাউম’, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ৫ ডিসেম্বরঃ বঙ্গোপসাগরে ক্রমশ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। ইতিমধ্যেই তা শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। যার জেরে ইতিমধ্যেই বাংলাদেশের উপকূলের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে মিগজাউম। এই সাইক্লোনের প্রভাবে ৫ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সাইক্লোনের প্রভাবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যে হাওয়া বদল হয়েছে। যদিও উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না বলেই জানা গিয়েছে। আপাতত উত্তরবঙ্গে থাকবে শীতের আমেজ।

আরও পড়ুন       টি টোয়েন্টি সিরিজ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পরে দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথম দল চয়ন করাই সমস্যা

হাওয়া অফিস সূত্রের খবর, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ঘণ্টায় ১১০ কিলোমিটার। এই সাইক্লোনের ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশে বাধাপ্রাপ্ত হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও শীতের পথে কাঁটা হচ্ছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। যদিও ভোর হতেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৪ থেকে ৮১ শতাংশ।

পূর্বাভাস বলছে, ৫ ডিসেম্বর থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। ওড়িশার উপকূলবর্তী জেলাগুলোয় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। অন্যদিকে, লাক্ষাদ্বীপে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কঙ্কন ও গোয়া উপকূল, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চলতি সপ্তাহে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং দক্ষিণ কর্নাটকে ও কেরালায় বৃষ্টি হবে। নভেম্বরের শেষ দিকে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা।

About Post Author