সময় কলকাতা ডেস্ক, ৭ ডিসেম্বরঃ সমীকরণ ঘিরে শুরু জোর জল্পনা। ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নৈশভোজে সাড়া দিল না তৃণমূল। এদিনের নৈশভোজে তৃণমূলের কোনও প্রতিনিধিই হাজির ছিলেন না। তৃণমূল সাংসদদের কাজ রয়েছে বলে নৈশভোজে যোগ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা এদিনের নৈশভোজে ১৭টি দলের সংসদীয় নেতারা যোগ দেন। তিন রাজ্যের ভোট গণনার পর কংগ্রেসের বিরুদ্ধ ক্ষোভ উগড়ে দেওয়া সমাজবাদী পার্টি বা জেডিইউয়ের সংসদীয় নেতারা অবশ্য হাজির ছিলেন খাড়গের নৈশভোজে।
আরও পড়ুন শিক্ষামন্ত্রকের নির্দেশে বিতর্কিত ফলক ভেঙে ফেলল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ
তিন রাজ্যের ভোট বিপর্যয়ের পর তড়িঘড়ি ইন্ডিয়া জোটের বৈঠক ডাকে কংগ্রেস। কিন্তু বৈঠকে হাজির হতে পারবেন না বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং সমাজবাদী পার্টির সুপ্রিম অখিলেশ যাদব বৈঠকে যোগ দেননি। অস্বস্তিতে পড়ে জোড়াতালি দিতে বুধবার জোটের সংসদীয় দলের নেতাদের দিল্লির বাসভবনে নৈশভোজে ডাকেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নৈশভোজে হাজির হন রাহুল গান্ধি। তবে নৈশভোজের আগে বৈঠকে তৃণমূলের কেউ যোগ দেন কিনা সেদিকেই নজর ছিল সকলের। যদিও তাঁরা যে যোগ দিচ্ছেন না তা আগেই জানিয়ে দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সংসদ চলছে। তাই অধিবেশন শুরুর আগে প্রতিদিনই সংসদীয় নেতাদের বৈঠক হয়। তাহলে রাতে বৈঠকের কীসের প্রয়োজন? সূত্রের খবর, বৈঠকে হাজির সংসদীয় নেতাদের খাড়গে জানান, তিন রাজ্যের ফলাফলে পরাজয় হলেও ভেঙে পড়ার মতো কিছু হয়নি। বিজেপির তুলনায় বিরোধীরা ভোট শতাংশের হারে বেশি পেয়েছে। কিছু ভুলত্রুটি অবশ্যই ছিল। ভবিষ্যতে সেই ভুলত্রুটি শুধরে নেওয়া হবে। এখন ভুলত্রুটি চিহ্নিত করার কাজ দল চালাচ্ছে। বৈঠকে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক কবে হতে পারে তা নিয়েও আলোচনা হয়। রাহুল গান্ধি জানান, তিনি সব পার্টির শীর্ষনেতৃত্বের সঙ্গে কথা বলছেন। সকলের সঙ্গে আলোচনা করেই দিনক্ষণ ঠিক করা হবে। চলতি মাসেই জোটের বৈঠক হতে পারে বলে জানান খাড়গে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর