Home » ১ জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, কটাক্ষ শুভেন্দুর

১ জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, কটাক্ষ শুভেন্দুর

সময় কলকাতা ডেস্ক, ২১ ডিসেম্বর: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। বড়দিনের আগেই নববর্ষের উপহার ঘোষণা করল রাজ্য সরকার। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে রাজ্যে। রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন মিলে তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার অর্থাৎ আজই নবান্নের কাছেই ধর্ণা দেওয়ার কথা ডিএ আন্দোলনকারীদের। তবে তার আগে বৃহস্পতিবারই বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ডিএ বৃদ্ধির ঘোষণা করে তিনি জানিয়েছেন, নতুন বছর অর্থাৎ আগামী ১ জানুয়ারি ৪ শতাংশ বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। যদিও এই ঘোষণাতেও ঝাঁঝ কমছে না আন্দোলনের। ‘ভিক্ষা গ্রহণ করা হবে না’ বলে মন্তব্য করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তবে, জানুয়ারি মাস থেকেই ৪ শতাংশ ডিএ বাড়ানোয় বরফ গলেনি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই মহার্ঘভাতা বাড়ানোকে রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য ‘ললিপপ’ বলেই মনে করছেন।

আরও পড়ুন  কলকাতার রাজপথে ডিএ আন্দোলনকারীদের শর্তসাপেক্ষে সভা করার অনুমতি হাইকোর্টের

রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে মহার্ঘভাতার ফারাক ছিল ৪০ শতাংশ। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বর্তমানে ডিএ পান ৪৬ শতাংশ হারে। সেক্ষেত্রে রাজ্য সরকার ৬ শতাংশ থেকে আরও চার শতাংশ বাড়ানোয়, বাংলার সরকারি কর্মচারীরা মহার্ঘভাতা পাবেন ১০ শতাংশ হারে। রাজ্য ও কেন্দ্রের মধ্যে ফারাক কমে হওয়ার কথা, ৩৬ শতাংশ। কিন্তু বিরোধী দলনেতার বক্তব্য, আখেড়ে ফারাকের গোটা বিষয়টা একই রকম থাকতে চলেছে। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, কেন্দ্রীয় সরকার বছরে দু’বার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘভাতা পরিবর্তন করে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী, বছরের গড় হিসেবের ভিত্তিতে এই ডিএ বাড়ানো হয়।

 

সাধারণত, প্রতি বছর ১ জানুয়ারি ও ১ জুলাই এই ডিএ বাড়ানো হয়। বিরোধী দলনেতা মনে করছেন, আপাতত কেন্দ্রের সঙ্গে মহার্ঘভাতার ব্যবধান ৪ শতাংশ কমলেও, জানুয়ারিতে কেন্দ্রের তরফে নতুন ঘোষণা করা হলেই আবার ব্যবধান একই হয়ে যাবে। সেক্ষেত্রে গোটা বিষয়টিই লোকসভা ভোটের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ‘ললিপপ’ বলে মনে করছেন শুভেন্দু অধিকারী। যদিও এই ঘোষণাতেও ঝাঁঝ কমছে না আন্দোলনের। ‘ভিক্ষা গ্রহণ করা হবে না’ বলে মন্তব্য করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, ডিএ বাধ্যতামূলক নয়। যদিও বড়দিনের আগে এটাকে উপহার হিসেবেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

About Post Author