স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ জানুয়ারি: বছরের শুরুতেই ক্রীড়া জগতে শোকের ছায়া। কেনিয়ায় উদ্ধার হল তিনবার অলিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদের মৃতদেহ। প্রাক্তন অলিম্পিয়াড সেমিফাইনালিস্টের নাম বেঞ্জামিন কিপলাগাতে। তিনি উগান্ডার নাগরিক। অসংখ্য ছুরির আঘাত মিলেছে মৃতের দেহে। সেখান থেকে পুলিশের অনুমান খুন করা হয়েছে বেঞ্জামিনকে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আফ্রিকার এই দেশে।

একাধিকবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় উগান্ডার হয়ে প্রতিনিধিত্ব করেন বেঞ্জামিন কিপলাগাতে। তিনি ছিলেন দূরপাল্লার দৌড়বিদ। দেশের হয়ে খেলেছেন তিনটি অলিম্পিক্সে। ছ’বার অংশ নিয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়নশিপে। উগান্ডার এই ক্রীড়াবিদের দেহ পাওয়া গেল কেনিয়ায়। একটি গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে মৃতের বুকে এবং ঘাড়ে ছুরির আঘাত মিলেছে। খুন নাকি দুর্ঘটনা তদন্ত শুরু করেছে কেনিয়ার পশ্চিমের শহর এলডোরেটের পুলিশ। সেই এলাকার এক পুলিশ অফিসারের দাবি,“এটা অবধারিত খুন। তা নিয়ে সন্দেহ নেই। খুনের কারণ খোঁজার চেষ্টা করছি।”
আরও পড়ুন ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন, ঋণ থেকে মুক্তি! জেনে নিন নতুন বছর কেমন কাটবে আপনার
ঘটনায় শোকপ্রকাশ করেছে উগান্ডার ক্রীড়া মহলও। সে দেশের ক্রীড়ামন্ত্রী পিটার ওগওয়াংও শোক প্রকাশ করে বলেছেন, “আমদের দেশের অন্যতম সেরা ক্রীড়া চরিত্র বেঞ্জামিন কিপলাগাতের মৃত্যু সংবাদে আমরা শোকাহত। জানা যাচ্ছে ওকে খুন করা হয়েছে। আমার সমবেদনা রইল ওর পরিবার, সমস্ত দেশবাসী এবং পূর্ব আফ্রিকার মানুষের প্রতি। উনি আন্তর্জাতিক মঞ্চে বহু বার উগান্ডার প্রতিনিধিত্ব করেছেন।”

২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন বেঞ্জামিন। সেইবার স্টিপলচেজের সেমিফাইনালেও উঠেছিলেন তিনি। তাঁর হাত ধরে একাধিক আন্তর্জাতিক পদক পেয়েছে উগান্ডা। বছরের শেষে তাঁর মৃত্যুর খবরে শোকাহত গোটা ক্রীড়া মহল। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা এক বিবৃতিতে লিখেছে, “বেঞ্জামিন কিপলাগাতের মৃত্যুর খবরে আমরা অবাক এবং দুঃখিত। আমরা ওর বন্ধু, পরিবার এবং সতীর্থদের সান্ত্বনা জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা ওঁদের পাশে রয়েছি।”


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে