Home » রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা

সময় কলকাতা ডেস্ক, ২৪ জানুয়ারিঃ রেশন বণ্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের খোঁজে ১৮ দিন পর বুধবার ফের সন্দেশখালিতে হানা দিল ইডি। এদিন ভোর থেকেই তৃণমূল নেতার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সূত্র মারফত জানা গিয়েছে, ইডির সঙ্গে প্রায় ১২৫জন জওয়ান ঘটনাস্থলে রয়েছে। সঙ্গে আনা হয়েছে তালার চাবি ভাঙার লোকও। স্থানীয় সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ সন্দেশখালিতে পৌঁছয় ইডির ৬ জন তদন্তকারী আধিকারিক। মুহূর্তের মধ্যে সন্দেশখালিতে শাহজাহানের তিনটি বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইডি অফিসারদের সঙ্গে রয়েছেন দু’জন চাবিওয়ালাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাজ্য পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয়।

আরও পড়ুন        বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু, তারই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

সূত্রের খবর, ইডি সার্চ ওয়ারেন্ট দেখানোর পর রাজ্য পুলিশের তরফে প্রশ্ন তোলা হয়, শাহজাহানের বাড়ির ভেতরে যে তল্লাশি চালানো হবে, সেটা নির্দেশের কোথায় লেখা রয়েছে। দু’তরফের বেশ কিছু আলোচনার পর পুলিশের তরফে জানানো হয়, তল্লাশি অভিযানে এলাকার দু’জন নিরপক্ষে সাক্ষীকে রাখতে হবে। জানা গিয়েছে, স্থানীয় দুজন মানুষকেও সাক্ষী হিসেবে সঙ্গে নিয়েই ইডি তল্লাশি অভিযান চালাবে। দীর্ঘ ৪৫ মিনিট বাড়ির বাইরে কথবার্তার পর ভিতরে প্রবেশ করেন ইডির কর্তারা। ইডির ৬ আধিকারিক, ৩ জন ইডির সাক্ষী, ২ জন স্থানীয় সাক্ষী ও ১ জন ভিডিওগ্রাফার- সহ মোট ১২ জন প্রবেশ করেন শাহজাহানের বাড়ির ভিতরে। নতুন একটি তালা দিয়ে বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়। এদিন রাজ্য পুলিশের তরফে মোট ৩৫ জন আধিকারিক উপস্থিত রয়েছেন। রয়েছেন মহিলা পুলিশ কর্মীরা। একইসঙ্গে ব়্যাফও উপস্থিত রয়েছে।

প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে এসে বেধড়ক মার খেয়েছিলেন ইডির কর্তারা। মাথা ফেটেছিল ইডির তিন অফিসারের। তড়িঘড়ি তাঁদের সেখান থেকে বের করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্ত যাঁকে ঘিরে এত কাণ্ড, সেই শেখ শাহজাহানের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। কেননা ঘটনার পর থেকেই নিখোঁজ সন্দেশখালির বেতাজ বাদশা। গোটা বিষয়টির জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি। বুধবার ওই মামলার শুনানি হতে পারে। তারই মাঝে ঘটনার ১৮ দিন পর এদিন ফের সন্দেশখালিতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা।

About Post Author