সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারিঃ শক্তিগড়ের কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনের ঘটনায় বিহারের কুখ্যাত দুষ্কৃতী রাজন কুমারকে অবশেষে হেফাজতে নিল পুলিশ। বিহারের হাজিপুর জেল থেকে তাঁকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়েছে। তদন্তকারী অফিসারের তরফে সেখানেই টিআই প্যারেডের আবেদন জানানো হয়েছিল। সেই সংক্রান্ত অনুমতি পাওয়ার পর বর্ধমানের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংশোধনাগারে টিআই প্যারেড হয়। সোমবারই সংশোধনাগার থেকে আদালতে তোলা হয় তাঁকে। তদন্তকারী অফিসারের দাবি, যে আগ্নেয়াস্ত্র দিয়ে রাজুকে খুন করা হয়েছে এবং এ ঘটনায় যারা জড়িত, তার নাগাল পেতে রাজনকে হেফাজতে নেওয়া দরকার।
আরও পড়ুন আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের আপ্তসহায়ক সহ ১০ নেতার বাড়িতে ইডির হানা
প্রসঙ্গত, গত বছর ১ এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দুষ্কৃতীরা গুলিতে ঝাঁজরা করে দেয় রাজু ঝাকে। নীল গাড়িতে চেপে এসে কাজ সেরে আবার ওই গাড়িতেই চম্পট দেয় শার্প শুটাররা। ঘটনাস্থলে একটি নীল রঙের বাইকেরও অস্তিত্ব পাওয়া যায়। তাতে শার্প শুটারদের সঙ্গে থাকা একজনকে চেপে পালাতে দেখা গিয়েছে। পরে ওই নীল চারচাকা গাড়িটি শক্তিগড় থানার অদূরে উদ্ধার করা হয়। এই নীল গাড়িটিকে ঘটনার ভোরে পশ্চিম বর্ধমানের ডুবুরডিহি চেক পোস্ট দিয়ে ঝাড়খণ্ড-বিহারের দিকে যেতে ও ওইদিন দুপুরে আবার ফিরে আসতে দেখা যায়। কিন্তু গাড়ির হদিশ পাওয়া গেলেও রহস্যের শিকড়ে পৌঁছতে পারছিলেন না তদন্তকারীরা। কারণ, ওই নীল গাড়িটি দিল্লি থেকে চুরি করা হয়েছিল বলেই জানতে পারে তদন্তকারীরা। এরপরই কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ১৯ দিনের মাথায় বাঁকুড়ার ছেলে বর্তমানে দুর্গাপুরের কর্মরত অভিজিৎ মন্ডলকে আটক করে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার পুলিশ। ওইদিন গভীর রাতে কাঁকসা থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সাংবাদিক বৈঠক করে জানান পূর্ব বর্ধমানের পুলিশ সুপার।
ধৃতকে জেরা করলেই বাকি অভিযুক্তদের হদিশ মিলবে বলে আশাবাদী ছিল তদন্তকারীরা। জানা গিয়েছে,অভিজিতের আসল বাড়ি বাঁকুড়ায়। রানিগঞ্জের মাফিয়া নারায়ণ গেরফার গাড়ি চালাত এই অভিজিৎ। দীর্ঘদিন ধরে রাজুর সঙ্গে বালি ও কয়লা সংক্রান্ত বিরোধ ছিল নারায়ণের। অভিজিৎ গ্রেপ্তার হতেই ঝাড়খণ্ডের রাঁচি থেকে ইন্দ্রজিৎ গিরি ও লালবাবু কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। রাজু ঝা হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে,অভিজিৎ মণ্ডল গ্রেফতার হতেই পুলিশের জালে নজরে ছিল নারায়ণ ওরফে নরেন্দ্র খেরকা। রাজেশ ওরফে রাজু ঝা হত্যা কাণ্ডে একসময়ের সহযোগী নারায়ণের যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ এসেছে এই মামলায় গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিটের হাতে। সেই মতোই কয়লা মাফিয়া নারায়ণ খেরকার দুর্গাপুরের সিটিসেন্টারের অফিসে অভিযান চালায় পুলিশ। তদন্তকারী সিট-এর আধিকারিকদের প্রায় ১০ গাড়ি পুলিস নারায়ণ খেরকার অফিস ঘেড়াও করে ফেলে। যদিও অফিসে কেউ ছিল না বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অভিজিৎ কয়লা মাফিয়া নারায়ণ খেরকার গাড়ির চালক। অভিজিৎ ধরা পড়তেই গা ঢাকা দিয়েছিল নারায়ণ। তাতে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়েছে।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?